মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। এই অঞ্চলে আকাশসীমা ও সার্বিক পরিস্থিতির ওপর নজর রেখে বিমান সংস্থাটি তাদের যাত্রীদের জন্য একটি জরুরি ভ্রমণ নির্দেশিকা (Travel Advisory) প্রকাশ করেছে। বিশেষ করে কুয়েতগামী এবং কুয়েত থেকে আসা যাত্রীদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ইন্ডিগো কর্তৃপক্ষ তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতির দিকে তারা সার্বক্ষণিক কড়া নজর রাখছে। এয়ারলাইন্সের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, যাত্রী এবং ক্রু-দের সর্বোচ্চ নিরাপত্তা এবং সুস্থতাই তাদের কাছে অগ্রাধিকার পায়। ইন্ডিগো বলেছে, “আমরা বুঝতে পারছি যে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতি যাত্রীদের মনে উদ্বেগের সৃষ্টি করতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি বিশ্লেষণ করছি।”
বিমান সংস্থাটির আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, কুয়েতের আকাশসীমা বন্ধ থাকার বিষয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী কুয়েতগামী এবং কুয়েত থেকে আগত সমস্ত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। এয়ারলাইন্সটি যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখপ্রকাশ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই পুনরায় পরিষেবা চালু করার আশ্বাস দিয়েছে।
ভ্রমণপিপাসু ও সংশ্লিষ্ট রুটের যাত্রীদের উদ্দেশ্যে ইন্ডিগোর পরামর্শ, বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে যেন অবশ্যই তাদের ফ্লাইটের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করে নেওয়া হয়। এ জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা ‘ফ্লাইট স্ট্যাটাস’ পেজে চোখ রাখতে বলা হয়েছে। এছাড়াও সর্বশেষ তথ্যের জন্য ইন্ডিগোর অফিসিয়াল সোশাল মিডিয়া চ্যানেলগুলো অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। সংস্থাটি তাদের গ্রাহকদের ধৈর্য এবং সহমর্মিতার প্রশংসা করে জানিয়েছে যে, এই বিঘ্নিত পরিস্থিতিতে ভ্রমণ সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য তাদের কর্মীরা সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছেন। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ক্ষেত্রে যাত্রী সাধারণকে যেকোনো ধরনের বিভ্রান্তি এড়াতে কেবল এয়ারলাইন্সের অফিসিয়াল চ্যানেলের দেওয়া তথ্যের ওপরই আস্থা রাখতে বলা হয়েছে।





