ইউটিউবের সবথেকে ধনী ব্যক্তি ফারাহ খান! বরুণ ধাওয়ানকে উপহার দিলেন লক্ষাধিক টাকার ঘড়ি

বলিউড পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান এখন তার রান্নার ভ্লগের মাধ্যমে ইউটিউবে নতুন ইতিহাস তৈরি করছেন। ২০২৪ সালের এপ্রিলে রাঁধুনি দিলীপের সাথে শুরু করা তার ইউটিউব চ্যানেলটি এখন ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি তার ভ্লগে ডেভিড ধাওয়ান, বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুরের মতো তারকাদের দেখা গেছে। ভিডিওতে ফারাহ খান বরুণ ও তার বাবা ডেভিড ধাওয়ানকে ১ লক্ষ টাকার বেশি মূল্যের বিলাসবহুল ‘লাকি হার্ভি’ ঘড়ি এবং পূজা-মৃণালকে হীরা বসানো লকেট উপহার দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
ফারাহর এই উদারতা দেখে বরুণ ধাওয়ান অবাক হয়ে বলেন, “এটা এখন অফিসিয়াল যে ফারাহ খান ইউটিউবের সবচেয়ে ধনী ব্যক্তি।” এমনকি ডেভিড ধাওয়ানও তার শো-এর জনপ্রিয়তার ভূয়সী প্রশংসা করেন। ভ্লগ চলাকালীন ফারাহ জানান, তিনি তার চ্যানেলের জন্য সিলভার ও গোল্ড প্লে বাটন পেয়েছেন। মাত্র অল্প সময়ে কোটি কোটি সাবস্ক্রাইবার ও ভিউ পাওয়া ফারাহর এই চ্যানেল এখন আয়ের অন্যতম উৎস। তারকাদের অন্দরমহলের ঝলক এবং ফারাহর ঘরোয়া রান্নার ভ্লগ ভক্তদের কাছে দারুণ সমাদৃত। জানা গেছে, ফারাহ খানের মোট সম্পদ প্রায় ৯০ কোটি টাকা। রান্নার পাশাপাশি ভ্রমণ ভ্লগ ও রাঁধুনি দিলীপের সাথে তার সহজ-সরল উপস্থাপনা দর্শকদের মন জয় করে নিয়েছে।