দীর্ঘ টালবাহানা ও চরম আর্থিক সঙ্কটের পর অবশেষে মহমেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটিতে বড়সড় রদবদল নিশ্চিত। শনিবার দুপুরেই সরকারিভাবে নতুন কমিটির নাম ঘোষণা করতে চলেছে শতাব্দীপ্রাচীন এই ক্লাব। নতুন দায়িত্বে মুর্শিদাবাদের নওদা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীরের নাম জোরালোভাবে উঠে আসছে, যিনি ক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন। একইসঙ্গে সচিবের পদে প্রত্যাবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে ওয়াসিম আক্রমের।
কেন এই রদবদল? গত মরসুম থেকেই চরম আর্থিক দৈন্যদশায় পড়েছে সাদা-কালো ব্রিগেড। আইএসএলের মঞ্চে ভরাডুবি এবং অবনমনের ঘটনায় সমর্থকদের ক্ষোভ চরমে পৌঁছেছিল। মাঠের পারফরম্যান্স খারাপ হওয়ার পাশাপাশি ফুটবলার ও সাপোর্ট স্টাফদের বেতন বকেয়া থাকায় ক্লাবের অন্দরে বিদ্রোহ দানা বেঁধেছিল। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, সমর্থকরা খোদ ক্লাবের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বাধ্য হয়েই বর্তমান কমিটির মহম্মদ কামারুদ্দিন, আমিরুদ্দিন ববি ও ইস্তিয়াক আহমেদদের চাপের মুখে মাথা নোয়াতে হয়েছে।
ওয়াসিম আক্রম বলেন, “আগে কমিটি তৈরি হোক, আমাদের সামনে পাহাড়প্রমাণ কাজ। সবার আগে ইনভেস্টর আনা এবং আইএসএল-এ নিজেদের অধিকার বজায় রাখতে আদালতে আইনি লড়াই চালানোই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও জানান, ক্লাবের আর্থিক ঋণের পরিমাণ ১৬ কোটির বেশি হতে পারে, যা জোগাড় করা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত কঠিন। “ব্যক্তিগত উদ্যোগে ডোনেশন তুলে এই অর্থের জোগান দেওয়ার চেষ্টা করব। আমি নিজে কিছু টাকা দেব, কিন্তু একা বা একটি গোষ্ঠীর পক্ষে এই বিশাল খরচ বহন করা অসম্ভব। সবাইকে এগিয়ে আসতে হবে,” মন্তব্য ওয়াসিমের।
আইনি লড়াইয়ের পথে মহমেডান: আইএসএল থেকে বিদায় নেওয়ার পর মহমেডান কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়ে রেখেছে। নতুন কমিটির সামনে শুধু দল গঠনই নয়, বরং ক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং আইনি লড়াইয়ে জয়লাভ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিধায়ক হুমায়ুন কবীরের মতো শক্তিশালী নেতার কাঁধে ক্লাবের ভার পড়ায় মহমেডান সমর্থকরা এখন ঘুরে দাঁড়ানোর নতুন স্বপ্ন দেখছেন।
শনিবার বিকেলের ঘোষণার পরেই চূড়ান্ত হবে মহমেডান স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎ রূপরেখা।





