রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দিলেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। এই আকস্মিক পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই শিক্ষামহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, তিনি আচার্য তথা রাজ্যপাল আরএন রবির কাছে ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
দীর্ঘদিন ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক বিষয় নিয়ে চর্চা চলছিল। তার মধ্যেই উপাচার্যের এই পদত্যাগের সিদ্ধান্ত নানা প্রশ্ন তুলে দিয়েছে। ঠিক কী কারণে তিনি এই ইস্তফা দিলেন, সে বিষয়ে অবশ্য এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উপাচার্যের ইস্তফার বিষয়টি রাজ্যপাল এবং রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের কাছে পৌঁছানোর পর পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে। রবীন্দ্রভারতীর মতো ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত কে হন, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।





