টলিউডের ফেডারেশন প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরই উত্তপ্ত বাংলার রাজনীতি। এর মধ্যেই সামনে এল মেসিকাণ্ডের নয়া মোড়। গত বছর যুবভারতীতে লিওনেল মেসির সফর ঘিরে যে নজিরবিহীন বিশৃঙ্খলা ও ‘অসভ্যতা’ হয়েছিল, সেই ঘটনায় এবার আইনি জালে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের করেছে বিধাননগর দক্ষিণ থানা। আগামী ৫ তারিখ তাঁকে তলব করা হলেও, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অরূপবাবু এবং দুই সপ্তাহ সময় চেয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছেন বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “গত ১৫ বছর ধরে আমরা এই নাটক দেখে আসছি। যখনই দুর্নীতি বা চুরির দায়ে কাউকেও ধরতে যাওয়া হয়, তখনই তাঁরা এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে যান। অরূপবাবু, আপনি অসুস্থ থাকলে ডাক্তারের সার্টিফিকেট রেডি রাখুন। কতদিন আর অসুস্থ হয়ে থাকবেন? বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত ও অত্যাচার করা হয়েছে, তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস কিংবা ফিরহাদ হাকিম—প্রত্যেককে দিতেই হবে। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব।”
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির সফর ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ভিনদেশি তারকাকে সামনে পেয়ে যেভাবে মন্ত্রী ও ভিভিআইপিরা তাঁর গায়ে লেপ্টে ছিলেন এবং ছবি তোলার জন্য উপদ্রব করেছিলেন, তা ছিল অত্যন্ত অমর্যাদাকর। মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসিরা। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে হতাশ দর্শকরা গ্যালারিতে তাণ্ডব চালান এবং ভাঙচুর করেন। সেই সময় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছিল। রাজ্যে পালাবদলের পরেই এখন এই মামলার মূল নথিপত্র খুলছে পুলিশ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ স্বাভাবিকভাবেই বড়সড় রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে।





