বিহার বিধান পরিষদ (এমএলসি) নির্বাচনকে কেন্দ্র করে জেডিইউ-এর অন্দরমহলে তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারি বাসভবনে দেড় ঘণ্টা ধরে চলা এক উচ্চপর্যায়ের বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র গুঞ্জন। বৈঠকে উপস্থিত ছিলেন লাল্লান সিং, সঞ্জয় ঝা এবং বিজয় চৌধুরীর মতো দলের প্রবীণ নেতারা। যদিও বৈঠক শেষে নেতারা কেউই মুখ খোলেননি, তবে সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ে সামাজিক, আঞ্চলিক এবং জাতিগত সমীকরণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
দল চাইছে এমন প্রার্থী বাছতে, যিনি বিতর্কিত নন এবং জোটের জন্য রাজনৈতিকভাবে লাভজনক। নীতীশ কুমারের সিলমোহর পড়ার অপেক্ষায় থাকা এই নাম যেকোনো সময় ঘোষিত হতে পারে। এখন বিহারের রাজনৈতিক অলিন্দে একটাই প্রশ্ন—নীতীশ কুমার কি পুরনোদের ওপরই ভরসা রাখবেন নাকি চমক দেবেন নতুন কোনো মুখ দিয়ে? আপাতত নীতীশের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন এনডিএ ও মহাজোটের নেতারা।





