NEET-UG প্রশ্নপত্র ফাঁস মামলার তদন্ত যত গভীরে এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই মামলার অন্যতম মূল অভিযুক্ত, অবসরপ্রাপ্ত রসায়ন অধ্যাপক পিভি কুলকার্নিকে গ্রেফতারের পর এবার মহারাষ্ট্রের বিড জেলায় তাঁর সাথে যুক্ত একটি বহুতল ভবন নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল যে, প্রশাসন বুলডোজার চালিয়ে কুলকার্নির ভবন গুঁড়িয়ে দিয়েছে। তবে বাস্তব ঘটনা কিছুটা ভিন্ন। পৌরসভার আইনি চাপে পড়ে খোদ নির্মাণ সংস্থাই নিজেদের উদ্যোগে অবৈধ অংশ ভেঙে ফেলেছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের NEET-UG পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিভি কুলকার্নি একজন প্রধান ষড়যন্ত্রী। তদন্তের মাঝেই উঠে আসে, মহারাষ্ট্রের বিড শহরে তাঁর পৈত্রিক জমিতে একটি পাঁচতলা বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণের কাজ চলছিল। তদন্ত শুরু হতেই বিড পৌরসভা ভবনটির বৈধতা খতিয়ে দেখে। পৌরসভার প্রাথমিক তদন্তে উঠে আসে, ভবনটির জন্য প্রয়োজনীয় নকশা ও বৈধ ছাড়পত্র নেওয়া হয়নি। শুধু তাই নয়, একটি মন্দিরের জন্য সংরক্ষিত জমি জবরদখল করে এই নির্মাণকাজ চালানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
প্রশাসনের পক্ষ থেকে ভবনটিকে বেআইনি ঘোষণা করে নির্মাতা সংস্থাকে সতর্কবার্তা দেওয়া হয়। নিয়ম মেনে দু’দফায় জারি করা হয় কড়া নোটিশ। নোটিশে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেআইনি অংশ না সরালে পৌরসভা বুলডোজার চালিয়ে তা গুঁড়িয়ে দেবে। এই আইনি চাপ ক্রমেই বাড়ছিল।
চূড়ান্ত সময়সীমার ঠিক আগে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। প্রশাসনের বুলডোজার নামার আগেই নির্মাতা সংস্থা নিজেরাই একটি বুলডোজার নিয়ে হাজির হয়। মূলত বেসমেন্ট এবং আরসিসি পিলারের অবৈধ অংশগুলো তারা নিজেরাই ভেঙে ফেলতে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই অবৈধ কাঠামোর বড় অংশটি মাটি মিশিয়ে দেওয়া হয়। বিড পৌরসভার প্রধান আধিকারিক শৈলেশ ফাড়সে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রশাসনের কঠোর আইনি প্রক্রিয়ার কাছে নতি স্বীকার করেই মালিকপক্ষ ও নির্মাতা সংস্থা এই পদক্ষেপ নিয়েছে। কোনো রকম সংঘর্ষ বা জটিলতা ছাড়াই ভবনটির বেআইনি অংশ অপসারিত হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে এই প্রশাসনিক পদক্ষেপকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।





