গণেশ বিসর্জনের আনন্দ মুহূর্তে পরিণত হলো বিষাদে! গভীর জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু ৬ শিশুর

উৎসবের আনন্দ মুহূর্তে শোকে পরিণত হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায়। বুধবার জেলার পাটাঞ্চেরু মণ্ডলের পেদ্দাকাঞ্জেরলা গ্রামে গণেশ প্রতিমা বিসর্জন দিতে গিয়ে হ্রদের জলে ডুবে ছয়টি শিশুর মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পেদ্দাকাঞ্জেরলা গ্রামের একটি স্থানীয় চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণেশ প্রতিমা বিসর্জনের জন্য স্থানীয় নেরেদু চেরুভু হ্রদে গিয়েছিল। বিসর্জনের একপর্যায়ে শিশুরা জলে নেমে গভীর জলের দিকে চলে যায়। জানা গেছে, নিহত শিশুদের কেউ সাঁতার জানত না। ফলে গভীর জলে নামার পর তারা নিজেদের আর নিয়ন্ত্রণ করতে পারেনি এবং জলে তলিয়ে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যে এই বিপর্যয় ঘটে যাওয়ায় উপস্থিত লোকজন উদ্ধারের চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষ। খবর পেয়ে দ্রুত পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। একসঙ্গে ছয়টি শিশুর আকস্মিক মৃত্যুর খবরে তাদের পরিবারগুলির পাশাপাশি পুরো গ্রাম জুড়ে কান্নার রোল উঠেছে। শিশুরা কীভাবে এবং কী পরিস্থিতিতে গভীর জলে পৌঁছাল, সে বিষয়ে বর্তমানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।