হলিউডের গ্ল্যামার দুনিয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনিফার লোপেজ। সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে যে, প্রাক্তন স্বামী বেন আফ্লেকের স্মৃতি চিরতরে মুছে ফেলতে চাইছেন এই তারকা। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, জেনিফার তাঁর শরীরে থাকা বেন-এর নামের বিশেষ ট্যাটুটি মডিফাই বা পরিবর্তন করেছেন।
২০২৩ সালের ভ্যালেন্টাইন্স ডে-তে জেনিফার প্রথম এই ‘ইনফিনিটি’ ট্যাটুটি জনসমক্ষে এনেছিলেন, যার ভেতরে তাঁর ও বেন-এর নাম লেখা ছিল। কিন্তু সম্প্রতি একটি ব্যাকলেস ড্রেস পরা জেনিফারের ছবিতে দেখা যাচ্ছে, সেই ট্যাটু থেকে বেন-এর নাম উধাও! এর আগে বেন আফ্লেকও জেনিফারকে উৎসর্গ করে শরীরে ‘J’ ও ‘B’ আদ্যাক্ষরযুক্ত ট্যাটু করিয়েছিলেন।
২০০২ সালে ‘গিগলি’ ছবির সেটে প্রথম দেখা হওয়া এই জুটির প্রেমকাহিনি দীর্ঘদিনের। ২০০৪-এ বিচ্ছেদের পর ২০২১ সালে ফের তাঁরা কাছাকাছি আসেন। ২০২২-এ গাঁটছড়া বাঁধলেও সেই সম্পর্ক টেকেনি। ২০২৪ সালের আগস্টে জেনিফার বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ২০২৫ সালের জানুয়ারিতে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে জেনিফার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সেই সময়টি কঠিন হলেও, ব্যক্তিগত উন্নতির জন্য তিনি একে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই দেখছেন। জেনিফারের এই ট্যাটু বদলের সিদ্ধান্ত যেন সেই বিচ্ছেদেরই শেষ চিহ্ন মুছে ফেলার বার্তা দিচ্ছে।





