চলচ্চিত্র নির্মাণের কোনো প্রথাগত ডিগ্রি নেই, অথচ আজ তাঁর ডাক এসেছে সরাসরি হলিউড থেকে। চীনের ইউনান প্রদেশের ২৯ বছর বয়সী লিউ জিউ-এর এই রূপকথার মতো সাফল্যের গল্প এখন ইন্টারনেটে ভাইরাল। ট্রেন চালক ও ওয়েডিং ফটোগ্রাফার থেকে বিশ্বখ্যাত এআই ফিল্মমেকার হয়ে ওঠার এই পথচলা সত্যিই অবিশ্বাস্য।
মাত্র ৪২,০০০ টাকা (৩,০০০ ইউয়ান) খরচ করে লিউ ‘জম্বি স্ক্যাভেঞ্জার’ নামে একটি সাড়ে তিন মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছেন। ওয়াল-ই অনুপ্রাণিত এই সিনেমাটি তৈরি করতে তাঁর সময় লেগেছে মাত্র ১০ দিন। লিউ-এর সাফল্যের রহস্য তাঁর নিজস্ব এআই কমান্ড কৌশল। তিনি শুধু এআই-কে নির্দেশ দেন না, বরং চরিত্রের মেজাজ ও কাজের পেছনের যুক্তি বুঝিয়ে দেন।
তাঁর সিনেমার একটি দৃশ্য, যেখানে রোবটকে উটপাখির পিঠে চড়তে দেখা যায়, তা দেখে হলিউডের খ্যাতনামা নির্মাতা পিজে অ্যাক্সেত্তুরো অবাক হয়ে যান। তিনি সামাজিক মাধ্যমে লিউ-এর সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও লিউ বিনীত। ইংরেজি না জানার কারণে আপাতত বিদেশে না গিয়ে দেশ থেকেই হলিউডের প্রজেক্টে কাজ করতে আগ্রহী তিনি। ইতিমধ্যে তাঁর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ৬০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এবং একটি চীনা সংস্থা এর স্বত্ব কিনে নিয়েছে। এত সাফল্যের পরেও লিউ মনে করেন, তিনি এখনও শিখছেন এবং পরবর্তী প্রজেক্ট নিয়ে গবেষণায় ব্যস্ত।





