ভোজপুরি ইন্ডাস্ট্রির ‘শেরনি’ খ্যাত অভিনেত্রী অক্ষরা সিংয়ের বলিউড অভিষেক এক স্মরণীয় মুহূর্ত হয়ে রইল। ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবিতে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে তাঁর আইটেম নম্বর ‘ঘিস ঘিস ঘিস’ ইতিমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী।
সম্প্রতি অক্ষরা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তাঁর মা নীলিমা সিংকে মেয়ের সাফল্যের সাক্ষী হতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায়, গানটি দেখার সময় প্রথমে মা প্রাণখুলে হাসছেন, কিন্তু গানটি শেষ হতেই আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। মেয়েকে জড়িয়ে ধরে তিনি যে গর্ব প্রকাশ করেছেন, তা যে কোনো পুরস্কারের চেয়ে বেশি মূল্যবান বলে অক্ষরা নিজেই জানিয়েছেন।
ছবিটিতে অক্ষয় কুমার একজন সংগ্রামী ভোজপুরি অভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন। নিজের প্রথম বলিউড প্রজেক্ট নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত অক্ষরা জানান, বিহারের একজন প্রতিনিধি হিসেবে এত বড় প্ল্যাটফর্মে কাজ করা তাঁর কাছে স্বপ্নের মতো। অক্ষয় কুমারের সঙ্গে পর্দা ভাগ করা এবং তাঁকে ভোজপুরি স্টাইলে নাচানোর সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, গানটি মুক্তি পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৬০ লক্ষের বেশি ভিউ সংগ্রহ করে ভাইরাল হয়েছে।





