পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের হাওয়া। এরই মধ্যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের প্রাক্তন চেয়ারম্যান হংসরাজ আহির কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে এক চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করলেন। তাঁর দাবি, রাজ্যের পূর্ববর্তী মমতা সরকার আমলে ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হয়েছে।
আহির জানান, ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত শিক্ষক, পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের নিয়ম মানা হয়নি। নিয়মবহির্ভূতভাবে বিপুল সংখ্যক মুসলিম প্রার্থীকে ওবিসি কোটার সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, যা প্রকৃত ওবিসি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। আলোচনার সময় তিনি কমিশনের তদন্তে উঠে আসা নথিপত্র এবং নিয়োগ তালিকার কিছু তথ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেন।
মুখ্যমন্ত্রীর কাছে আহিরের স্পষ্ট দাবি, ২০১১-২০২২ সালের সমস্ত নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। অবৈধভাবে নিযুক্তদের চিহ্নিত করে প্রকৃত ওবিসি প্রার্থীদের ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে। হংসরাজ আহিরের এই বিস্ফোরক অভিযোগের পর রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।





