প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য! বিপাকে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং জনপথ অবরোধের অভিযোগে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অজয় রাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মহোবা পুলিশ। গত ২২ মে একটি ভাইরাল ভিডিওর সূত্র ধরে পুলিশের নজরে আসে যে, অজয় রাই তাঁর অনুগামীদের নিয়ে অবৈধভাবে জমায়েত করে সরকারি কাজে বাধা সৃষ্টি করছেন এবং রাস্তা অবরোধ করে রেখেছেন।

মহোবার সহকারী পুলিশ সুপার বন্দনা সিং জানান, অজয় রাইয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের পাশাপাশি জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা রুজু হয়েছে। আইনজীবী নীরজ রাওয়াতের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অজয় রাই ও কংগ্রেসের বর্তমান সম্পাদক ব্রিজরাজ আহিরওয়ারসহ প্রায় ২৫-৩০ জন সমর্থকের বিরুদ্ধে এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। জাতীয় মুখপাত্র সি আর কেশবন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সরাসরি নিশানা করে বলেন, “অজয় রাইয়ের এই অভদ্র মন্তব্য ক্ষমার অযোগ্য। রাহুল গান্ধীর নেতৃত্বেই কংগ্রেস আজ এমন রাজনৈতিক দেউলিয়াপনার জায়গায় পৌঁছেছে যে, দলে অজয় রাইয়ের মতো অভদ্র মন্তব্যকারী নেতাদের জায়গা হচ্ছে।” বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কুৎসিত আক্রমণ কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy