নির্বাচন পরবর্তী প্রথম প্রশাসনিক সফরে শিলিগুড়িতে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিশেষ বিমানে বাগডোগরায় অবতরণের পর থেকেই উত্তরবঙ্গ নিয়ে নিজের বড় পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ রাজু বিস্তা সহ অন্যান্য বিধায়করা। সমর্থকদের বিপুল ভিড়ে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর চত্বর।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এদিন কোনো রাখঢাক না রেখেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তোলাবাজি, সিন্ডিকেটরাজ বা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, “অপরাধী কোন দলের, তা দেখার দায়িত্ব পুলিশের নয়। পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আইন তার নিজের গতিতে চলবে।” পুলিশ-প্রশাসনের একাংশকে সতর্ক করে তিনি বলেন, সরকারি জমি দখল বা সাধারণ ব্যবসায়ীদের ওপর জুলুমবাজি রুখতে পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয়েছে। অপরাধী যে-ই হোক, রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই।
এছাড়া, উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে তিনি প্রতি মাসে উত্তরবঙ্গে আসবেন এবং নিয়মিত ‘উত্তরকন্যা’ সচিবালয়ে বসবেন। পাহাড় ও সমতলের উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্প ও রাজ্য সরকারের সমন্বয় সাধনই তাঁর মূল লক্ষ্য। মানুষ শান্তি ও উন্নয়ন চান, তা নিশ্চিত করতেই প্রশাসনের প্রতিটি স্তরে পরিবর্তন আনা হচ্ছে বলে দাবি করেন তিনি। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শিলিগুড়ির মাল্লাগুড়ির উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী।





