আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন— সরকারের এই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন হেভিওয়েট বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে সরকারের এই জনমুখী প্রকল্পের পাশাপাশি রাজ্যের পূর্বতন পরিবহন ব্যবস্থার কড়া সমালোচনা করতে ছাড়েননি তিনি।
এদিন দিলীপ ঘোষ সরাসরি আগের সরকারকে নিশানা করে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, “আগের যে সরকার ছিল, তারা তো লুঠপাট করে বাস ব্যবস্থাই তুলে দিয়েছিল।” সরকারি পরিবহন ব্যবস্থাকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন তিনি।
তবে সমালোচনাতেই থেমে থাকেননি দিলীপ ঘোষ। এই নিখরচায় বাস পরিষেবা যাতে রাজ্যের প্রতিটি প্রান্তের মহিলারা সঠিকভাবে পান, তার জন্য একটি বড় পরিকল্পনার কথা জানান তিনি। দিলীপ বাবুর স্পষ্ট বার্তা, “বাসের সংখ্যা বাড়ানো হবে। রাজ্যে ৫০০০ নতুন বাস নামানো হবে।”
রাজনৈতিক মহলের মতে, ১ জুন থেকে মহিলাদের ফ্রি বাস পরিষেবা চালু হলে বাসে যাত্রীদের ভিড় উপচে পড়বে। সেই চাপ সামাল দিতে এবং রাজ্যের পরিবহন পরিকাঠামোকে চাঙ্গা করতেই দিলীপ ঘোষের এই ‘৫০০০ নতুন বাস’ আনার পরিকল্পনা। এখন দেখার, দিলীপ ঘোষের এই বাস বাড়ানোর দাওয়াই এবং আগের সরকারের প্রতি এই আক্রমণের পাল্টা কী জবাব দেয় বিরোধী শিবির।





