“টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা হয়েছিল”-RG Kar-কাণ্ড নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

আরজি করের নারকীয় ঘটনার তদন্তে এবার নজিরবিহীন এবং সবচেয়ে বড় পদক্ষেপ নিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৮তম বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর, শুক্রবার নবান্নে আয়োজিত এক হাই-প্রোফাইল সাংবাদিক বৈঠকে খোদ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলসহ তিন প্রভাবশালী আইপিএস (IPS) আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন তিনি।

প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ এবং তদন্ত প্রক্রিয়ায় চরম গাফিলতির অভিযোগে আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে অবিলম্বে সাসপেন্ড করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। নতুন সরকার গঠনের পর পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে এত বড় ও কঠোর ব্যবস্থা রাজ্যে এই প্রথম, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে আরজি কর কাণ্ড নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, বিগত সরকারের আমলে ঘটনার পর যে সমস্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, তার প্রতিটির নতুন করে ফাইল খোলা হচ্ছে।

মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া সুরে বলেন, “নির্যাতিতার মাকে দুজন পুলিশ অফিসার টাকা দিতে চেয়েছিলেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। টাকা দিয়ে আসলে কার মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল? আমরা শুধু সিবিআই (CBI) তদন্তের ভরসায় বসে থাকব না। এই ঘটনার সব পারিপার্শ্বিক দিক রাজ্য সরকার নিজের স্তরে খতিয়ে দেখবে। তৎকালীন কোনও মন্ত্রী বা খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশ এর পিছনে ছিল কি না, তাও নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হবে।”ডিসি-র ভূমিকা ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে চরম অসন্তোষ

তদন্ত প্রক্রিয়ার অস্বচ্ছতা ও বেআইনিভাবে নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা নিয়ে কলকাতা পুলিশের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে সে সময়কার একজন ডেপুটি কমিশনারের (DC) ভূমিকা নিয়েও বড় প্রশ্ন তোলেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, “ওই পুলিশ আধিকারিকের তৎকালীন সাংবাদিক সম্মেলনের আচরণ এবং বডি ল্যাঙ্গুয়েজ গোটা রাজ্যের পক্ষে অত্যন্ত অস্বস্তিকর ছিল। অথচ তাঁকে এই বিষয়ে কথা বলার জন্য কোনও আনুষ্ঠানিক দায়িত্বই দেওয়া হয়নি।” অনধিকার চর্চা এবং তদন্তের মোড় ঘোরানোর চেষ্টার অপরাধে কাউকেই রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy