কেরালার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। তিরুবনন্তপুরম থেকে দিল্লির দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে কংগ্রেস হাইকম্যান্ড ভি ডি সতীশানকে কেরালার ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। দিল্লিতে আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করেন দলের প্রবীণ নেতা দীপা দাসমুন্সি, মুকুল ওয়াসনিক এবং অজয় মাকেন। রাহুল গান্ধী এবং কে সি ভেনুগোপালের উপস্থিতিতে হাইভোল্টেজ বৈঠকের পরই সতীশানকে কেরালা শাসনের ব্যাটন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
৬১ বছর বয়সী ভি ডি সতীশান পেশায় একজন ঝানু আইনজীবী। ২০০১ সালে পারাবুর কেন্দ্র থেকে তাঁর সংসদীয় জীবন শুরু। ২০২১ সালে যখন তিনি বিরোধী দলনেতা হন, তখন অনেকেই তাঁকে ‘আপোষকামী’ ভেবেছিলেন। কিন্তু বিধানসভার অন্দরে পরিসংখ্যানগত তথ্যের নির্ভুল ব্যবহার এবং স্বর্ণ চোরাচালান থেকে এআই ক্যামেরা বিতর্ক নিয়ে পিনারাই বিজয়ন সরকারকে কোণঠাসা করে তিনি নিজের জাত চিনিয়েছেন।
সতীশানকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর (‘এ’ বা ‘আই’) তকমা দেওয়া যায় না, আর এটাই তাঁর বড় শক্তি। কেরালা কংগ্রেসের তরুণ বিধায়ক ও তৃণমূল স্তরের কর্মীদের কাছে তিনি এখন পরিবর্তনের মুখ। বুধবার সকালেই তিনি সপরিবারে তিরুবনন্তপুরমের সরকারি বাসভবনে পৌঁছলে সমর্থকরা বিপুল উল্লাসে ফেটে পড়েন। পিনারাই বিজয়নের বামপন্থী দুর্গে সতীশান কতটা বড় আঘাত হানতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।





