‘হিমন্ত আমার বড় ভাই, ওঁর থেকে অনেক কিছু শিখেছি’, গুয়াহাটিতে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু!

প্রতিবেশী রাজ্য অসমে ফের বিজেপি সরকারের রাজ্যাভিষেক। মঙ্গলবার গুয়াহাটিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। আর সেই বিশেষ মুহূর্তে উপস্থিত থেকে নজর কাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে নিজের ‘বড় ভাই’ বলে সম্বোধন করার পাশাপাশি তাঁর প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন শুভেন্দু।

এদিন গুয়াহাটিতে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “অসমের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন। শুধু অসমেই নয়, পশ্চিমবঙ্গে বিজেপির এই বিশাল জয়ে অসমের কার্যকর্তাদের অবদান অনস্বীকার্য।” এদিন কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে নিজের সফর শুরু করেন তিনি। তাঁর মতে, ওড়িশা, বিহার, অসম ও সিকিম— এই রাজ্যগুলি আগামী দিনে পূর্ব ভারতের সার্বিক উন্নয়নের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

তবে সংবাদমাধ্যমের সামনে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তাঁর ব্যক্তিগত রসায়নের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ শোনালো শুভেন্দুকে। তিনি বলেন, “হিমন্তজি আমার বড় ভাই। আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তিনি যে পদ্ধতিতে কাজ করেন এবং যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকেন, তা থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি প্রকৃত অর্থেই একজন মাটির মানুষ।”

অসমের মাটিতে দাঁড়িয়ে বাংলার জ্বলন্ত সমস্যা ‘অনুপ্রবেশ’ নিয়েও সরব হন শুভেন্দু। নাম না করে প্রাক্তন তৃণমূল সরকারকে বিঁধে তিনি বলেন, “অসম ও ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর অনুপ্রবেশের সমস্যা মিটে গিয়েছে। কিন্তু বাংলায় এমন এক সরকার ছিল যারা বিএসএফ-কেও সীমান্ত রক্ষার জন্য জমি দিতে চাইত না। অনুপ্রবেশ রুখতে হিমন্ত সরকার যে কঠোর পদক্ষেপ করেছে, বাংলায় আমাদের সরকারও ঠিক সেই পথেই হাঁটবে।”

উল্লেখ্য, ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভায় ১০২টি আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে এনডিএ জোট। বিজেপি এককভাবে পেয়েছে ৮২টি আসন। বিরোধী কংগ্রেস জোট মাত্র ১৯টি আসনে সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই রাজ্যে মাত্র একটি আসন দখল করতে সক্ষম হয়েছে। রাজনৈতিক মহলের মতে, হিমন্তের শপথে শুভেন্দুর এই উপস্থিতি এবং ‘অসম মডেল’ অনুসরণ করার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy