২০২৬ সালের মে মাসে অনুষ্ঠিত ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা NEET (UG) নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ৩ মে সারা দেশজুড়ে যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল, তা বাতিল করার ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। কেন্দ্রের অনুমতি মেলার পরেই মঙ্গলবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কেন এই সিদ্ধান্ত?
যদিও এনটিএ-র পক্ষ থেকে প্রাথমিকভাবে বিস্তারিত কারণ ব্যাখ্যা করা হয়নি, তবে সূত্রের খবর, পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বস্ততা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩ মে-র পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় , তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। সেই বিতর্কের অবসান ঘটাতেই পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
পরবর্তী পদক্ষেপ কী? সংবাদ সংস্থা এএনআই (ANI) মারফত জানা গেছে, পুনরায় কবে এই পরীক্ষা নেওয়া হবে, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি। তবে খুব শীঘ্রই এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা ৩ মে পরীক্ষায় বসেছিলেন, তাঁদের আবার নতুন করে অ্যাডমিট কার্ড বা পরীক্ষার নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে।
ডাক্তারি পড়ার এই গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা বাতিলের খবরে স্বভাবতই উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকরা। নতুন পরীক্ষার তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। পরবর্তী আপডেটের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিশিয়াল পোর্টালের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।





