আর কোনো টেনশন নেই! বাম-তৃণমূল জমানার সব প্রকল্প কি চালু থাকছে? বড় ঘোষণা শুভেন্দুর!

নবান্নের চৌদ্দ তলায় প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী। আর প্রথম বৈঠকেই রাজ্যের সাধারণ মানুষের জন্য বড়সড় স্বস্তির খবর শোনালেন তিনি। রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পূর্বতন বাম আমল কিংবা তৃণমূল আমলের কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করছে না বর্তমান সরকার।

সোমবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, “৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের—জনহিতকর কোনো সামাজিক প্রকল্পই আমরা বন্ধ করব না। মানুষের স্বার্থে যা যা সুবিধা চালু ছিল, তার সবই বজায় থাকবে।” তবে এই ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা আনতে একগুচ্ছ নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি। সরকারের লক্ষ্য এখন সম্পূর্ণ ‘পেপার-লেস’ বা কাগজহীন কাজ করা। তিনি সাফ জানান, প্রকল্পের সুবিধা যেন সঠিক মানুষ পায় তা নিশ্চিত করতে হবে। তাঁর কথায়, “প্রকল্প চলবে, কিন্তু কোনো মৃত ব্যক্তি যেন এই সুবিধার অপব্যবহার করতে না পারেন, সেদিকে কড়া নজর রাখা হবে।”

এদিন মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। দপ্তর বণ্টন এখনও না হলেও, রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, “এই সরকার ‘আমিত্বে’ বিশ্বাসী নয়, বরং টিম গেম বা যৌথভাবে কাজে বিশ্বাস করে। সমালোচকরাও গঠনমূলক সমালোচনা করার সুযোগ পাবেন।”

রাজ্যের নির্বাচন প্রক্রিয়া নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “দীর্ঘদিন পর রাজ্যে হিংসামুক্ত ও অবাধ নির্বাচন হয়েছে, যা আজ বিশ্বজুড়ে চর্চিত। ৯৩ শতাংশ ভোটার যেভাবে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন, তার জন্য আমরা নতজানু হয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি।” প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বার্তা দিতে গিয়ে তিনি ভূমি দপ্তরের অনিয়ম নিয়ে সরব হন এবং ভবিষ্যতে হাইকোর্টের নির্দেশ মেনে কাজ করার অঙ্গীকার করেন। আলটপকা মন্তব্য এড়িয়ে গঠনমূলক শাসনের পথে হাঁটার বার্তাই দিলেন নতুন মুখ্যমন্ত্রী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy