বলিউডে বর্তমানে অভিনয়ের চেয়ে ‘প্রচার’ বা পিআর (PR) বেশি কথা বলে— এই অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার এই বিষয়ে সরাসরি বোমা ফাটালেন ‘গদর’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল। কোনো লুকোছাপা না করেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের সরাসরি আক্রমণ শানালেন তিনি। তাঁর সাফ কথা, হাতে বড় কোনো হিট নেই, অথচ নিজেদের ‘সুপারস্টার’ বলে দাবি করছেন অনেকে।
‘সুপারস্টার হওয়া মুখের কথা নয়’ আমিশার নিশানায় ছিল মূলত বলিউডের নতুন প্রজন্মের সেই সব নায়িকারা, যাঁরা বক্স অফিসে বড়সড় সাফল্য না পেলেও প্রচারের আলোয় নিজেদের ‘নম্বর ওয়ান’ বা ‘সুপারস্টার’ হিসেবে তুলে ধরেন। আমিশা লেখেন, “নিজেদের সুপারস্টার তখনই বলবেন যখন বক্স অফিসে কোনো ইতিহাস তৈরি করবেন। তার আগে পিআর গেম খেলে নিজেদের তারকা প্রমাণ করা বন্ধ করুন। এটাই কঠিন বাস্তব।”
বক্স অফিস পরিসংখ্যান নিয়ে চ্যালেঞ্জ আমিশা আরও এক ধাপ এগিয়ে বলেন, “বর্তমানে এমন অনেক অভিনেত্রী আছেন যাঁদের ঝুলিতে একটিও একক ব্লকবাস্টার নেই। বছরে দুটো মাঝারি মানের সিনেমা আর শুটিং সেটে থাকা মানেই তারকা হওয়া নয়। আপনারা কেবল প্রজেক্টের অংশ, সুপারস্টার নন।” তিনি মনে করিয়ে দেন যে বর্তমানে ১০০ কোটির ক্লাবে ঢোকা কোনো বড় ব্যাপার নয়। তাঁর কথায়, “২০২৬ সালে দাঁড়িয়ে ১০০ কোটি কিছুই নয়। এমন অনেক অভিনেত্রী আছেন যাঁদের ক্যারিয়ারে ২০০ কোটির একটিও সিনেমা নেই, অথচ তাঁরা পিআর টিমকে টাকা দিয়ে নিজেদের সেরা প্রমাণ করতে ব্যস্ত।”
নিজের সাফল্যের খতিয়ান অন্যদের সমালোচনা করার পাশাপাশি আমিশা নিজের ক্যারিয়ারের সাফল্যের কথাও তুলে ধরেন। ‘কহো না প্যায়ার হ্যায়’, ‘গদর: এক প্রেম কথা’ এবং সাম্প্রতিক ‘গদর ২’-এর উদাহরণ টেনে তিনি বলেন, “আমি তিন-তিনটে ব্লকবাস্টার দিয়েছি যা আমার সহ-অভিনেতাদের ক্যারিয়ারেও সেরা হিট। আমার কোনো ফেক পিআর এজেন্সি নেই যারা আমাকে নিয়ে মিথ্যে প্রচার করবে।”
জল্পনা তুঙ্গে আমিশা সরাসরি কারও নাম না নিলেও নেটিজেনদের ধারণা, তাঁর এই আক্রমণের তির বর্তমানের বেশ কয়েকজন প্রথম সারির অভিনেত্রীর দিকে। ‘গদর ২’-এর বিপুল সাফল্যের পর আমিশার এই বিস্ফোরক মন্তব্য বলিউড পাড়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই তাঁর এই মন্তব্যের সমর্থনে বলছেন যে, বলিউডে এখন কাজের চেয়ে পিআর-এর দাপটই বেশি।
আমিশার এই তোপের মুখে এখন কোন বলি-সুন্দরী পালটা প্রতিক্রিয়া দেন, তা নিয়েই আপাতত সরগরম বিনোদন জগত। পাশাপাশি ‘গদর ৩’ নিয়েও বড়সড় ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী, যা দর্শকদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে।





