ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হতে চলেছে। দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রহ্মণ্যম। বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হচ্ছে, তার পরদিনই অর্থাৎ ৩১ মে এই দায়িত্বভার বুঝে নেবেন সুব্রহ্মণ্যম। একই সঙ্গে ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথনের নাম।
লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রহ্মণ্যম বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের (NSCS) সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত। গত বছরের ৩১ জুলাই তিনি সেনাবাহিনীর ভাইস চিফ পদ থেকে অবসর গ্রহণ করলেও তাঁর দীর্ঘ ৩৯ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে কেন্দ্র। সিডিএস হওয়ার পাশাপাশি তিনি সামরিক বিষয়ক দপ্তরের (DMA) সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। ১৯৮৫ সালে গাড়োয়াল রাইফেলসে কমিশন পাওয়া এই দুঁদে সেনানি অসমের ‘অপারেশন রাইনো’ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর এবং ডোকলাম সংলগ্ন ১৭ মাউন্টেন ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর অসামান্য সেবার জন্য তিনি পিভিএসএম (PVSM) এবং এভিএসএম (AVSM)-এর মতো একাধিক সামরিক সম্মানে ভূষিত।
অন্যদিকে, নৌবাহিনীতেও আসছে নতুন জোয়ার। আগামী ৩১ মে অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী অবসর নেওয়ার পর ভাইস অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন নৌপ্রধানের দায়িত্ব নেবেন। স্বামীনাথন বর্তমানে ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ডের নেতৃত্বে রয়েছেন। ভারতের গর্ব বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যের কমান্ডিং অফিসার হিসেবেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এই জোড়া নিয়োগ ভারতের জল, স্থল এবং অন্তরীক্ষের নিরাপত্তাকে আরও সুসংহত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





