ভারতের রাস্তায় রাজত্ব করতে এবং ওলা (Ola) ও এথারের (Ather) মতো জায়ান্টদের কড়া টক্কর দিতে TVS নিয়ে এল তাদের সবথেকে শক্তিশালী ইলেকট্রিক স্কুটার ‘iQube S’। সাধারণ মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখেও প্রিমিয়াম অভিজ্ঞতার কোনো খামতি রাখেনি কোম্পানি। ৩.৫ kWh-এর পুরনো ভ্যারিয়েন্টের বদলে এবার গ্রাহকরা পাবেন ৪.৭ kWh-এর একটি বিশাল এবং শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক। কোম্পানি দাবি করছে, এই স্কুটারটি একবার ফুল চার্জ করলেই অনায়াসে ১৭৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।
পাওয়ারফুল মোটর ও আরামদায়ক রাইড
এই স্কুটারে রয়েছে ৪.৪ kW পিক পাওয়ারের একটি হাব-মাউন্টেড BLDC মোটর, যা ১৪০ Nm টর্ক তৈরি করতে সক্ষম। এর ফলে খাড়াই রাস্তা বা পাহাড়ি পথেও স্কুটারটি অত্যন্ত মসৃণভাবে চলবে। রাইডারদের আরামের কথা ভেবে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে হাইড্রলিক টুইন শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে, যা ভারতীয় ভাঙাচোরা রাস্তার ঝাকুনি থেকে মুক্তি দেবে। স্কুটারটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১,৩৭,১৪২ টাকা।
চার্জিং এবং স্থায়িত্ব
iQube S-এর ব্যাটারিটি IP67 রেটিং যুক্ত, অর্থাৎ জল বা ধুলোবালিতে ব্যাটারির কোনো ক্ষতি হওয়ার ভয় নেই। এর পোর্টেবল চার্জারের গতিও চমকপ্রদ; মাত্র ৪ ঘণ্টায় এটি শূন্য থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। নিরাপত্তার জন্য সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেকের পাশাপাশি রয়েছে ‘রিজেনারেটিভ ব্রেকিং’ সিস্টেম, যা ব্রেক কষার সময় ব্যাটারি চার্জ করতে সাহায্য করে।
স্মার্ট ফিচার ও প্রযুক্তি
প্রযুক্তির দিক থেকে এটি একটি আস্ত কম্পিউটার। এতে রয়েছে ১৭.৭৮ সেন্টিমিটারের একটি বড় TFT ডিসপ্লে এবং জয়েস্টিক কন্ট্রোল। নেভিগেশন, কল/এসএমএস অ্যালার্ট থেকে শুরু করে অ্যান্টি-থেফট এবং ক্র্যাশ অ্যালার্টের মতো ১১৮টিরও বেশি স্মার্ট ফিচার থাকছে এতে। এমনকি এটি ‘Alexa’ ভয়েস কমান্ডও সাপোর্ট করে। মাত্র ৪.৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি তোলা এই স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮২ কিলোমিটার।
ওয়ারেন্টি ও স্টোরেজ
স্কুটারটির সিটের নিচে ৩২ লিটারের বিশাল স্টোরেজ রয়েছে, যেখানে অনায়াসেই দুটি হেলমেট রাখা যায়। ফোন চার্জ দেওয়ার জন্য রয়েছে USB পোর্ট। ব্যাটারির সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত থাকতে কোম্পানি ৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে। ম্যাগনিনিফিসেন্স পার্পল, হারলেকুইন ব্লু এবং মার্কিউরি গ্রে—এই তিনটি আকর্ষণীয় রঙে এখন থেকেই বুক করা যাচ্ছে TVS iQube S।





