মাঝরাতে ফোনে ডাক, তারপরই রক্তগঙ্গা! মালদহে বিজেপি সমর্থককে হাঁসুয়ার কোপে নৃশংস খুন

রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতির মাঝেই মালদহের ইংলিশ বাজারে ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। এক বিজেপি সমর্থককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকায়। মৃত যুবকের নাম কিষাণ হালদার (২৮)। এই ঘটনায় তাঁর আরও দুই বন্ধু জখম হয়েছেন বলে খবর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কিষাণকে বেশ কয়েকজন ব্যক্তি ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় কিষাণের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হলে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দেখা যায়, ঘটনাস্থলেই পড়ে রয়েছে খুনে ব্যবহৃত একটি বড় আকারের রক্তমাখা হাঁসুয়া।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রতিবেশী গোলাম হালদার ও তাঁর ছেলে সুমন হালদারের সঙ্গে কিষাণের পুরনো বিবাদ ছিল। পরিবারের অভিযোগের তির তাঁদেরই দিকে। পুলিশের অনুমান, অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পাশাপাশি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ।

নির্বাচন পরবর্তী হিংসায় যখন রাজ্য উত্তপ্ত, তখন এই খুনের ঘটনায় রাজনৈতিক যোগসূত্র নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে জেলা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এই খুনের সঙ্গে রাজনীতির কোনও সরাসরি যোগ নেই। এটি মূলত ব্যক্তিগত শত্রুতা বা স্থানীয় কোনও বিবাদের জেরেই ঘটেছে। বিজেপি দাবি করেছে, ধৃতদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। তা সত্ত্বেও এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। খুনের আসল কারণ জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারীরা।