“দল হারতেই ‘দিদি’র সঙ্গ ত্যাগ?”-বিজেপি প্রার্থীর জয়ে মিমির পোস্টে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল ভক্তরা!

৪ মে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক মহাপ্রলয়ের সাক্ষী থাকল গোটা দেশ। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে নবান্নের দখল নিল বিজেপি। বাংলায় গেরুয়া ঝড় আসতেই এবার টলিপাড়ার ‘রঙ’ বদল নিয়ে শুরু হয়েছে তুমুল টানাপোড়েন। এতদিন যাঁদের দেখা যেত তৃণমূলের মঞ্চে বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর মিছিলে, সেই তারকাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের একাংশ মিমের বন্যায় বিঁধছেন এই সব ‘সুবিধাবাদী’ তারকাদের। তবে এই সবের মাঝে সবথেকে বেশি চর্চায় উঠে এসেছেন টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে রীতিমতো বিতর্কের আগুন উসকে দিয়েছেন মিমি। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী তথা আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথের জয়ের একটি খবর শেয়ার করেন তিনি। সেই স্ক্রিনশটের সঙ্গে মিমি লেখেন, “এই বিজয়কে ব্যক্তিগত মনে হচ্ছে। কোনও জয়ই তোমার ক্ষতির ক্ষতিপূরণ করতে পারবে না।”

মিমির এই একটি পোস্ট ঘিরেই এখন তোলপাড় রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, তৃণমূলের টিকিটে সাংসদ হওয়া মিমি কি তবে এবার দলবদলের ইঙ্গিত দিচ্ছেন? ২০১৯ সালে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরের হয়ে জয়ী হয়েছিলেন মিমি। তবে ২০২৪-এর শুরুতেই সবাইকে চমকে দিয়ে মমতার কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় সাংসদ তহবিলের পুঙ্খানুপুঙ্খ হিসেবও দিয়ে দিয়েছিলেন নায়িকা। সেই থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।

এবারের নির্বাচনে মমতার পতন এবং বিজেপির জয়ের পর রত্না দেবনাথের জয়কে ‘ব্যক্তিগত জয়’ হিসেবে আখ্যা দেওয়ায় ক্ষুব্ধ ঘাসফুল শিবিরের অনুগামীরা। নেটিজেনদের কেউ কেউ বলছেন, “এবার তবে কি বিজেপি-তে যোগ দিচ্ছেন নায়িকা?” আবার কেউ বলছেন, “সুযোগ বুঝে ভোলবদল করতে দেরি করলেন না মিমি।”

বর্তমানে মিমি চক্রবর্তী তাঁর অভিনয় ক্যারিয়ার নিয়েও ব্যস্ত। গত বছর ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ এবং ‘ডাইনি’ সিরিজে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। সামনেই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার বনাম শরৎচন্দ্র’। তবে পর্দার কাজের চেয়েও এখন মিমির ‘গেরুয়া প্রেম’ নিয়েই বেশি আলোচনা চলছে বাংলার আনাচে-কানাচে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy