রাজ্যে ভোটের আবহের মধ্যেই চোখ রাঙাচ্ছে আবহাওয়া। আগামী চারদিন উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকায় জারি করা হয়েছে সতর্কতা।
নির্বাচনের দিন ও আগে-পরে কেমন থাকবে আবহাওয়া?
আজ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের নদিয়া, দুই বর্ধমান এবং দুই চব্বিশ পরগনায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার নির্বাচনের দিন পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও মেদিনীপুরে কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের পরের দিনও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা:
উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সপ্তাহজুড়েই চলবে বৃষ্টি। বিশেষ করে বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত অর্থাৎ ‘অতি ভারী’ বৃষ্টি হতে পারে। এর ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
কলকাতার পরিস্থিতি:
আজ সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা। বিকেলের পর দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার খাস কলকাতায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।





