অসহ্য গরমে এসি না থাকলেও সিলিং ফ্যান ছাড়া এক মুহূর্ত চলে না। দিন-রাত একটানা ঘুরতে থাকে মাথার উপরের পাখাটি। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, আপনার এই অতি পরিচিত সিলিং ফ্যানটি প্রতি ঘণ্টায় কত টাকার বিদ্যুৎ খরচ করছে? হিসেবটা কষলে হয়তো আজ থেকেই অহেতুক ফ্যান চালিয়ে রাখা বন্ধ করে দেবেন।
সাধারণত বাড়িতে ব্যবহৃত একটি সিলিং ফ্যান ৬০ থেকে ৮০ ওয়াটের হয়ে থাকে। যদি আপনার ফ্যানটি ৭৫ ওয়াটের হয়, তবে সেটি প্রতি ঘণ্টায় ০.০৭৫ ইউনিট (kWh) বিদ্যুৎ খরচ করে। সহজভাবে বললে, আপনি যদি দিনে ১০ ঘণ্টা ফ্যান চালান, তবে একদিনে খরচ হবে ০.৭৫ ইউনিট। ৩০ দিনের মাস ধরলে খরচ দাঁড়াবে ২২.৫ ইউনিট। এবার আপনার এলাকায় যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা হয়, তবে মাসে শুধুমাত্র একটি ফ্যানের জন্যই আপনাকে গুনতে হবে ১৫৭.৫ টাকা। আপনার বাড়িতে যদি এমন ৩টি ফ্যান থাকে, তবে মাসে খরচ দাঁড়াবে প্রায় ৪৭২ টাকা!
তবে পকেটের টান কমানোর সমাধানও রয়েছে। বর্তমানে বাজারে এসেছে BLDC (Brushless Direct Current) ফ্যান। যেখানে সাধারণ পাখা ৭৫ ওয়াট খরচ করে, সেখানে BLDC ফ্যান খরচ করে মাত্র ২৫-৩৫ ওয়াট। অর্থাৎ, পুরনো ফ্যান বদলে এই আধুনিক পাখা লাগালে আপনার মাসিক বিল অর্ধেকেরও বেশি কমে যাবে।
বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখতে বিশেষজ্ঞদের পরামর্শ:
অহেতুক ব্যবহার বন্ধ: ঘর থেকে বেরনোর সময় অবশ্যই ফ্যান বন্ধ করার অভ্যাস করুন।
গতির নিয়ন্ত্রণ: আবহাওয়া অনুযায়ী রেগুলেটরের মাধ্যমে পাখার গতি নিয়ন্ত্রণ করুন।
স্মার্ট বিনিয়োগ: পুরনো মডেলের বদলে স্টার রেটিং দেওয়া বা সাশ্রয়ী BLDC ফ্যান ব্যবহার করুন।
সামান্য সচেতনতা আর সঠিক মডেলের নির্বাচনে আপনার মাসকাবারি বিদ্যুৎ বিলে বড়সড় স্বস্তি আসতে পারে। মনে রাখবেন, বিদ্যুতের অপচয় মানেই সরাসরি পকেটের লোকসান।





