লোকসভা নির্বাচনের পারদ চড়তেই রণংদেহি মেজাজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় ভবানীপুরের গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডের জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (নাম না করে) তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির লাগাতার আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে এদিন ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি তিনি।
“অভিষেকের নখের যোগ্য নয়” মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “অভিষেককে রোজ গালাগালি দেওয়া হচ্ছে। আরে, অভিষেকের তুই পায়ের যোগ্য নয়, নখের যোগ্য নয়। আগে ওর সঙ্গে লড়, তারপর আমার সঙ্গে লড়বি।” রাজনৈতিক মহলের মতে, অভিষেককে আগামী দিনে দলের অবিসংবাদিত নেতা হিসেবে তুলে ধরতেই মমতা এই কড়া অবস্থান নিয়েছেন।
আর্থিক সমৃদ্ধি নিয়ে চাঞ্চল্যকর কটাক্ষ বিরোধী দলনেতার অতীত মনে করিয়ে দিয়ে মমতা আরও বলেন, “আগে তো খেতে পেতিস না। একটি বিড়ি পেলে তিনবার টানতি। আর এখন কেন্দ্রকে দিয়ে খালি ইডি-সিবিআই করাচ্ছে।” শুভেন্দুর পরিবারের সদস্যদের দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, “আগে নিজের পরিবারের দিকে তাকা। কত কামিয়েছ? তোমার ভাইও তো কাউন্সিলর, তাকে আগে দেখো।”
মেদিনীপুরের রাশ এবার অভিষেকের হাতে এদিন মমতা ফের স্পষ্ট করে দেন যে, মেদিনীপুর নিয়ে তাঁর পরিকল্পনা কী। ২১ এপ্রিল হলদিয়ার সভার রেশ টেনে তিনি বলেন, আগামী দিনে মেদিনীপুরের সংগঠনের দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘গদ্দার’ তকমা দিয়ে বিরোধীদের আক্রমণ করে তিনি দাবি করেন, হলদিয়া থেকে টাকা কোথায় যায়, সেই সব তথ্য তাঁর নখদর্পণে।
উত্তপ্ত বঙ্গ রাজনীতি এদিনের সভায় মমতা স্পষ্ট করে দিয়েছেন যে, নির্বাচনের ময়দানে তিনি এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। একদিকে যখন শুভেন্দু অধিকারী মমতার পরাজয় নিশ্চিত বলে দাবি করছেন, তখন পাল্টা ব্যক্তিগত আক্রমণ ও পরিবারের প্রসঙ্গ টেনে এনে লড়াইকে আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো। বিশেষ করে অভিষেককে ঘিরে মমতার এই ‘ঢাল’ হওয়ার কৌশল রাজ্যের ভোটমুখী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।





