পিএসএলে ধুন্ধুমার! টসের আগেই হাতাহাতি-ঘুষোঘুষি ম্যাসকটদের, হাঁ করে দেখলেন ওয়ার্নার-আফ্রিদি

একদিকে ভারতে যখন আইপিএলের জোয়ার বইছে, ঠিক তখনই সীমান্তের ওপারে পাকিস্তানে চলছে পিএসএল (PSL 2026)। তবে ২২ গজের লড়াইয়ের চেয়েও পাকিস্তান সুপার লিগ বারবার খবরের শিরোনামে আসছে নানা বিচিত্র বিতর্কের কারণে। এবার গদ্দাফি স্টেডিয়ামে লাহৌর কালান্দার্স বনাম করাচি কিংস ম্যাচে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা, যা দেখে নেটিজেনদের হাসির রোল উঠেছে।

ম্যাচ শুরুর আগে যখন দুই দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং শাহিন শাহ আফ্রিদি টসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই মাঠের মাঝখানে লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই দলের ম্যাসকট। একে অপরকে ধাক্কা মারা থেকে শুরু করে ঘুষোঘুষি এবং লাথি মারতেও দেখা যায় তাঁদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে টস ছেড়ে অধিনায়কদেরও সেই দৃশ্য দেখতে হয়।

অবশ্য কিছুক্ষণ পরেই পরিষ্কার হয়ে যায় যে, পুরোটাই ছিল পূর্বপরিকল্পিত এবং দর্শকদের বিনোদনের জন্য করা একটি মজাদার পারফরম্যান্স। ম্যাসকটদের এই কাণ্ড দেখে হোহো করে হাসতে দেখা যায় ওয়ার্নার ও আফ্রিদি দু’জনকেই। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা মজাদার মন্তব্য করতে শুরু করেছেন। কেউ বলছেন, “পাকিস্তানের লিগে খেলার চেয়ে বিনোদন বেশি,” আবার কেউ বলছেন, “ওয়ার্নার বোধহয় ভাবছেন কোথায় এসে পড়লাম!” সব মিলিয়ে আইপিএলের ডামাডোলের মাঝে পিএসএলের এই ম্যাসকট-ফাইট এখন আলোচনার তুঙ্গে।