“৪ তারিখের পর অফিসে এসো”, বনগাঁর অসুস্থ ভক্তের জন্য মন গলল দেবের! ভাইরাল টলিউড ‘খোকাবাবু’

উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে ভোট প্রচারে গিয়ে এক অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন হলেন অভিনেতা তথা সাংসদ দেব। প্রিয় নায়ককে সামনে থেকে এক পলক দেখা এবং একটি ছবি তোলার আশায় সকাল ১১টা থেকে রোদে দাঁড়িয়েছিলেন এক তরুণী। কিন্তু ভিড়ের চাপে ছবি তুলতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। শেষ পর্যন্ত দেবের হেলিকপ্টার উড়ে যেতে দেখে মানসিক যন্ত্রণায় মাঠেই জ্ঞান হারান ওই অনুরাগী।

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই তরুণী চিৎকার করে কাঁদছেন আর বলছেন, “ও চলে যাচ্ছে, ওকে একটু নামতে বলো না!” তাঁর দাবি, তিনি দেবের জন্য সারা মাস কাজ করেছেন এবং তাঁর বন্ধুরা সুযোগ স্যাক্রিফাইস করেছিলেন যাতে তিনি একটি ছবি তুলতে পারেন। কিন্তু নিরাপত্তারক্ষীদের কড়াকড়িতে সেই স্বপ্ন পূরণ না হওয়ায় তিনি চরম অসুস্থ হয়ে পড়েন।

এই খবর পৌঁছানো মাত্রই দেব তাঁর মানবিক রূপ তুলে ধরলেন। নিজের সমাজমাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেব লিখেছেন, “আমি ঋতুপর্ণাকে বলে দিয়েছি ৪ তারিখের পর তোমাকে নিয়ে আমার অফিসে আসতে। ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।” দেবের এই আশ্বাসে উচ্ছ্বসিত অনুরাগীরা। অন্যদিকে প্রার্থী ঋতুপর্ণা আঢ্য জানিয়েছেন, শুধু এই তরুণীই নন, তীব্র গরমে অসুস্থ হওয়া এক শিশু এবং বৃদ্ধার সঙ্গেও দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা। ৪ মে ভোটের ফলাফল বেরোনোর পরই পূরণ হবে ভক্তদের এই দীর্ঘদিনের আবদার।