আইপিএলের ‘এল ক্লাসিকো’তে ধুন্ধুমার! মাঠে তিলক-ওভারটন সংঘাত, ভাইরাল উত্তপ্ত ভিডিও!

চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (MI vs CSK) মানেই কেবল ক্রিকেটের লড়াই নয়, এ এক সম্মানের লড়াই। আর বৃহস্পতিবারের ‘এল ক্লাসিকো’ আবারও প্রমাণ করল কেন এই দুই দলের দ্বৈরথ নিয়ে এত উন্মাদনা। তবে এদিন শুধু ব্যাটে-বলেই নয়, লড়াই গড়াল মাঠের বাকযুদ্ধেও। সিএসকে বোলার জেমি ওভারটন এবং মুম্বইয়ের তিলক বর্মার মধ্যেকার উত্তপ্ত বাক্যবিনিময় এখন নেটপাড়ায় হট টপিক।

ঘটনাটি ঘটে মুম্বইয়ের ইনিংসের দশম ওভারে। জেমি ওভারটনের বল লেগ সাইডে ফ্লিক করে তিলক বর্মা রান নেওয়ার চেষ্টা করলে দুজনের মধ্যে এক অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়। থ্রো ধরার পরেই দেখা যায়, তিলক এবং ওভারটন একে অপরের দিকে তাকিয়ে বেশ উত্তেজিতভাবে কথা বলছেন। তিলককে হাত নেড়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে চিৎকার করতে দেখা যায়, পাল্টা জবাব দিতে ছাড়েননি ওভারটনও। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সূর্যকুমার যাদব এগিয়ে এসে দুজনকে শান্ত করেন। তবে এই কয়েক সেকেন্ডের ক্লিপটি নিমেষেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মাঠের লড়াইয়েও এদিন একতরফা দাপট দেখিয়েছে রুতুরাজ গায়কোয়াড়ের হলুদ ব্রিগেড। ব্যাট করতে নেমে সিএসকের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন এক অবিস্মরণীয় ইনিংস খেলেন। মাত্র ৫৪ বলে ১০১ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি, যা সাজানো ছিল ১০টি চার ও ৬টি ছক্কায়। সঞ্জুর দাপটে ২০৭ রানের বিশাল পাহাড় গড়ে চেন্নাই।

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বইয়ের ব্যাটিং লাইনআপ। ২০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন। ফলে মাত্র ১০৪ রানেই অল-আউট হয়ে যায় মুম্বই। ১০৩ রানের এই হার মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ইতিহাসের সবথেকে বড় পরাজয়। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নিজেদের ইতিহাসের বৃহত্তম জয়ের আনন্দ উপভোগ করছে চেন্নাই সুপার কিংস।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy