পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। কিন্তু ভোটের দিন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে না কি বন্ধ থাকবে— এই নিয়ে আমজনতার মধ্যে তৈরি হয়েছে প্রবল ধন্দ। তবে এই বিভ্রান্তির অবসান ঘটিয়ে স্পষ্ট জানানো হয়েছে, আপনার এলাকার ব্যাঙ্ক খোলা থাকবে কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কোন জেলার বাসিন্দা এবং সেখানে কবে ভোট পড়ছে তার ওপর।
কবে কোথায় তালা ঝুলবে ব্যাঙ্কে?
নির্বাচন কমিশনের বিশেষ ছুটির নির্দেশিকা অনুযায়ী, সুষ্ঠু ও অবাধ ভোটদান নিশ্চিত করতে এবং ব্যাঙ্ককর্মীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় ছুটি ঘোষণা করা হয়েছে।
২৩শে এপ্রিল: ওই দিন রাজ্যের ১৭টি জেলায় ভোট থাকায় সংশ্লিষ্ট এলাকার সমস্ত ব্যাঙ্ক শাখা বন্ধ থাকবে।
২৯শে এপ্রিল: বাকি ৭টি জেলায় এই দিন সরকারি ও বেসরকারি সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
শুধু ব্যাঙ্ক নয়, যে যে জেলায় নির্বাচন হবে, সেখানে ওইদিন স্কুল, কলেজ, সরকারি দফতর এবং এমনকি বেসরকারি অফিসও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২৩ ও ২৯শে এপ্রিল যে জেলাগুলিতে ভোট নেই, সেখানে ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক থাকবে।
ব্রাঞ্চ বন্ধ থাকলেও যে পরিষেবাগুলি পাবেন
অফিসিয়ালি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল যুগে গ্রাহকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনার হাতের নাগালেই থাকবে এই ৫টি জরুরি পরিষেবা:
ATM: নগদ টাকার জন্য এটিএম পরিষেবা চালু থাকবে।
UPI: ফোনপে, গুগলপে বা পেটিএম-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন করা যাবে।
মোবাইল ব্যাঙ্কিং ও অ্যাপ: স্মার্টফোনের মাধ্যমেই টাকা ট্রান্সফার করা সম্ভব।
ইন্টারনেট ব্যাঙ্কিং: ঘরে বসে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে কাজ করা যাবে।
NEFT ও RTGS: অনলাইনে ফান্ড ট্রান্সফার চালু থাকবে।
ভোটারদের জন্য জরুরি পরামর্শ
ভোটের দিন যাতে টাকার জন্য হয়রান হতে না হয়, তাই আগেভাগেই কিছু প্রস্তুতি সেরে রাখুন: ১. নগদ টাকার প্রয়োজন থাকলে ভোটের আগের দিনই তুলে নিন। ২. চেক ডিপোজিট বা কেওয়াইসি (KYC) সংক্রান্ত জরুরি কাজ থাকলে এখনই সেরে ফেলা বুদ্ধিমানের কাজ। ৩. শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না।
সচল থাকবে জরুরি পরিষেবা
ব্যাঙ্ক বা অফিস বন্ধ থাকলেও সাধারণ মানুষের সুবিধার্থে হাসপাতাল, এমারজেন্সি সার্ভিস এবং সরকারি যানবাহন পুরোপুরি চালু থাকবে। অর্থাৎ, ভোটের দিন জরুরি প্রয়োজনে নাগরিক পরিষেবা ব্যাহত হবে না।





