আন্নাদুরাইয়ের পাশে মোদি কেন? এআইএডিএমকে-কে তুলোধোনা করতে গিয়ে জিভ ফস্কাল খাড়গের!

বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে পারদ চড়াতে গিয়ে এবার চরম বিতর্কে জড়িয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইংরেজিতে সরাসরি ‘টেররিস্ট’ বা ‘সন্ত্রাসবাদী’ বলে অভিহিত করে বসলেন তিনি। তামিলনাড়ুর চেন্নাইয়ে এক সাংবাদিক বৈঠকে তাঁর এই মন্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

ঠিক কী বলেছেন খাড়গে? তামিলনাড়ুর কিংবদন্তি জননেতা সি.এন. আন্নাদুরাইয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবির তুলনা টেনে এআইএডিএমকে-কে (AIADMK) আক্রমণ করছিলেন খাড়গে। সেই প্রসঙ্গেই তিনি বলেন, “এআইএডিএমকে কী করে আন্নাদুরাইয়ের মতো মহান ব্যক্তির পাশে মোদির ছবি রাখে? তিনি তো একজন টেররিস্ট।” তাঁর দাবি, বিজেপি সাম্য বা ন্যায়বিচারে বিশ্বাস করে না, তারা শুধু গণতন্ত্রকে দুর্বল করে।

পরে দিলেন সাফাই: শব্দ চয়ন নিয়ে বিতর্ক দানা বাঁধতেই ড্যামেজ কন্ট্রোলে নামেন অশীতিপর এই কংগ্রেস নেতা। তিনি ব্যাখ্যা দেন, “আমি আক্ষরিক অর্থে তাঁকে সন্ত্রাসবাদী বলতে চাইনি। আমি বলতে চেয়েছি, তিনি রাজনৈতিক দল ও নেতাদের ভয় দেখান (Terrorise)। ইডি, সিবিআই-এর মতো সংস্থাগুলি তাঁর হাতের মুঠোয়। তিনি সবসময় হুমকি দেন, সেই অর্থেই আমি ওই শব্দ ব্যবহার করেছি।”

বিজেপির পাল্টা আক্রমণ: প্রধানমন্ত্রীর প্রতি এই শব্দ প্রয়োগকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খাড়গের এই মন্তব্য শুধু প্রধানমন্ত্রীকে নয়, দেশের ১৪০ কোটি মানুষের জনাদেশকে অপমান করা। বিজেপির দাবি, এটি কংগ্রেসের রাজনৈতিক দেউলিয়াপনার চূড়ান্ত নিদর্শন।

কমিশনকে কটাক্ষ: নির্বাচন কমিশনকেও রেয়াত করেননি খাড়গে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বর্তমানে বিজেপির একটি বর্ধিত কার্যালয় হিসেবে কাজ করছে। আদর্শ আচরণবিধি (MCC) চালু থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রচারকে ‘অনুচিত’ বলে দাবি করেন তিনি।

আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে হাইভোল্টেজ নির্বাচন। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে খাড়গের এই ‘সন্ত্রাসবাদী’ মন্তব্য ইভিএমে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy