আর্থিক সংকটের বাজারে সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা লক্ষাধিক কর্মকর্তা ও কর্মচারীর মহার্ঘ ভাতা (DA) এক ধাক্কায় ৫% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এই বর্ধিত ভাতা ২০২৬ সালের এপ্রিল মাসের বেতন থেকে কার্যকর হবে। তবে সবচেয়ে খুশির খবর হলো, এই সুবিধা কার্যকর ধরা হবে ১ জুলাই ২০২৫ থেকে। অর্থাৎ, কর্মচারীরা গত ৯ মাসের বকেয়া বা এরিয়ারও (Arrear) হাতে পাবেন।
বকেয়া মেটানোর বিশেষ পরিকল্পনা:
সরকার জানিয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বকেয়া টাকা এককালীন দেওয়া হবে না। এই এরিয়ার ছয়টি সমান কিস্তিতে ২০২৬ সালের মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। এমনকি এই সময়ের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন বা মৃত কর্মীর পরিবারও এই বকেয়া টাকা এককালীন পাবেন।
চতুর্থ ও পঞ্চম স্কেলেও লটারি:
শুধু ষষ্ঠ বেতন স্কেল নয়, সরকার পঞ্চম ও চতুর্থ বেতন স্কেলের কর্মীদের জন্যও বড় ঘোষণা করেছে। পঞ্চম বেতন স্কেলের কর্মীদের ডিএ ৮% এবং চতুর্থ বেতন স্কেলের কর্মীদের ক্ষেত্রে একলাফে ৩০% পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সরকারি উদ্যোগ, কর্পোরেশন এবং অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও সরাসরি উপকৃত হবেন।
টুইস্ট যেখানে:
তবে বাংলার সরকারি কর্মচারীদের জন্য এখানে একটি বড় ‘টুইস্ট’ রয়েছে। এই খুশির জোয়ার আমাদের রাজ্যের জন্য নয়, বরং এটি মধ্যপ্রদেশের বিজেপি সরকারের ঘোষণা। সেখানে রাজ্য সরকার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল। অন্যদিকে, বাংলার লক্ষাধিক সরকারি কর্মচারী যখন ডিএ-র দাবিতে আইনি লড়াই ও আন্দোলনে ব্যস্ত, তখন ভিন রাজ্যের এই খবরে তাঁদের দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হলো। এখন দেখার, পশ্চিমবঙ্গের কর্মীদের ন্যায়সঙ্গত ডিএ-র দাবি কবে পূরণ হয়।





