চলতি বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে এবার ‘মাছ’ এবং ‘বাঙালিয়ানা’ নিয়ে মুখ খুলে নিজের দলের নেতাদেরই কিছুটা অস্বস্তিতে ফেললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি বিজেপি নেতাদের হাতে মাছ নিয়ে প্রচার করতে দেখা যাচ্ছে, যা নিয়ে রাজনৈতিক মহলে হাসির রোল উঠেছে। বৃহস্পতিবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে এই প্রসঙ্গেই প্রশ্ন করা হলে নিজের চেনা মেজাজে ধরা দেন দিলীপ।
দলের নেতাদের মাছ নিয়ে ঘোরার বিষয়ে দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা, “আমাদের নেতারা যারা নতুন এসেছেন, তারা ভাবছেন আমাদের ‘বাঙালি’ হতে হবে! কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রভাবিত হয়ে যাচ্ছেন। কিন্তু ভোটাররা আর ওসব কথায় ভুলছেন না।” তাঁর মতে, বিজেপি কর্মীদের আলাদা করে বাঙালিয়ানা দেখানোর কোনো প্রয়োজন নেই কারণ তাঁরা বাংলার মাটি ও সংস্কৃতির সঙ্গেই যুক্ত।
এরপরই আক্রমণাত্মক ভঙ্গিতে তৃণমূলকে তোপ দেগে তিনি বলেন, “বাঙালিয়ানা ওদের দেখাতে হবে, যারা ইউসুফ পাঠান বা শত্রুঘ্ন সিনহার মতো বহিরাগতদের প্রার্থী করে। আমরা তো বাংলার মাছ-ভাতই খাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার চাষীদের শেষ করে দিয়েছেন। আজ অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনতে হচ্ছে কেন? বাংলা মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ নয় কেন? আমরা ক্ষমতায় এলে বাংলার মাছ আর বাংলার চাল দিয়েই বাঙালির পেট ভরাব।”
নির্বাচনী আবহে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও সরব হন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, পুলিশ এখনও তৃণমূলের হয়ে কাজ করছে। তাঁর কথায়, “তৃণমূলের হাওয়া খারাপ বুঝে অনেকে ঘরে বসে গিয়েছে, কিন্তু পুলিশ ফোন করে তাঁদের অ্যাক্টিভ করছে। বিজেপি কর্মীদের থানায় ডেকে ভয় দেখানো হচ্ছে। তবে এই চমকানি দিয়ে ভোট জেতা যায় না, এটা বেশিদিন চলবে না।”





