জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ এখন উৎসবের আমেজ ফিকে হয়ে বিষাদের ছায়া। ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই দেখা গেল এক বড় মোড়। মেজ মেয়ে পল্লবীর বিয়ের সম্বন্ধ এলেও শেষ মুহূর্তে কুষ্ঠির দোষের কারণে তা ভেঙে যায়। ঘটক জানিয়ে দেয়, পাত্রপক্ষ আর আসবে না। পল্লবী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিলেও, মেয়ের ভবিষ্যৎ নিয়ে কান্নায় ভেঙে পড়েন মা কমলা (সোহিনী সেনগুপ্ত)। ভগবানের কাছে তাঁর প্রশ্ন— কেন বারবার বাধার মুখে পড়তে হচ্ছে পল্লবীকে?
মধ্যবিত্ত শ্রীনিবাস গুহ (দেবশঙ্কর হালদার) এবং তাঁর স্ত্রী কমলার টানাপোড়েনের গল্পই ‘কমলা নিবাস’। শ্রীনিবাসের স্বপ্ন স্ত্রীর জন্য একটি বাড়ি তৈরি করা, আর কমলার একমাত্র লক্ষ্য তিন মেয়ের সুখে সংসার। এই পারিবারিক ড্রামার মাঝেই বিশেষ আকর্ষণ হতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায় ও দেবাদৃতা বসুর নতুন জুটি। পরমব্রতকে এখানে ‘সাগর বসু মল্লিক’ নামক এক উচ্চপদস্থ আধিকারিকের চরিত্রে দেখা যাবে।
কুষ্ঠির বিচারের ঊর্ধ্বে গিয়ে পল্লবী কি খুঁজে পাবে তার মনের মানুষকে? সাগর বসু মল্লিকের প্রবেশ কি পল্লবীর জীবনে নতুন বসন্ত আনবে? এই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। যৌথ পরিবারের মান-অভিমান আর সম্পর্কের সূক্ষ্ম বুননে তৈরি এই মেগা ইতিমধ্যেই দর্শকদের অন্দরমহলে জায়গা করে নিয়েছে।





