আবারও সরগরম আন্তর্জাতিক রাজনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের আলোচনা নিয়ে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে ইসলামাবাদে। ওয়াশিংটন ও ইসলামাবাদ সূত্রে খবর, পাকিস্তান আবারও দুই চিরশত্রু দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। আগামী দু’দিনের মধ্যেই এই হাই-ভোল্টেজ বৈঠক হতে পারে ইসলামাবাদ অথবা জেনেভায়।
প্রথম দফার আলোচনা বিফলে গেলেও এবার ডোনাল্ড ট্রাম্প মরিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী মে মাসে চীন সফরের আগেই কূটনৈতিক সাফল্য পকেটে পুরতে চান ট্রাম্প। তবে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ‘ইউরেনিয়াম’। সূত্রের খবর, আমেরিকা শর্ত দিয়েছে যে ইরানকে পরবর্তী ২০ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে। অন্যদিকে ইরান মাত্র ৫ বছরের সময়সীমার পাল্টা প্রস্তাব দিয়েছে।
তেহরান তাদের পারমাণবিক ভাণ্ডার সরাতে নারাজ, তারা চায় আন্তর্জাতিক তদারকিতে ধীরে ধীরে ইউরেনিয়াম কমাতে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ইয়ান ব্রেমার এক নতুন তথ্য দিয়েছেন— দুই দেশ সম্ভবত ১২.৫ বছরের একটি সমঝোতার দিকে এগোচ্ছে। এখন দেখার বিষয়, পাকিস্তানের এই শান্তি উদ্যোগ ট্রাম্প ও তেহরানের মধ্যেকার বরফ কত দ্রুত গলাতে পারে।





