ভারতে ব্যবসা করার পথে সব বাধা দূর হলো এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা ‘স্টারলিঙ্ক’-এর। ভারত সরকারের টেলিকমিউনিকেশন মন্ত্রকের পর এবার ল-এনফোর্সমেন্ট এজেন্সি (LEA) থেকে মিলেছে চূড়ান্ত ছাড়পত্র। এর ফলে দেশের দুর্গম এবং প্রত্যন্ত এলাকায় সুদৃঢ় ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেল।
তবে এখনই পরিষেবা শুরু করতে পারছে না স্টারলিঙ্ক। বাণিজ্যিক ভাবে এই পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন এখনও বাকি। পাশাপাশি, ইন্টারনেট ডেটা রিসিভ করার জন্য প্রয়োজনীয় ‘গ্রাউন্ড স্টেশন’ তৈরির পরিকাঠামোও এখনও গড়ে ওঠেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা চালু হলে তারের সংযোগ ছাড়াই পাহাড় বা প্রত্যন্ত অঞ্চলে হাই-স্পিড নেট মিলবে। এতে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আসতে পারে। বিশেষ করে অনলাইন এডুকেশন এবং রোবোটিক সার্জারির মতো উন্নত প্রযুক্তির সুবিধা মিলবে গ্রামগঞ্জেও। বর্তমানে ভারতী এয়ারটেল এই দৌড়ে এগিয়ে থাকলেও, স্টারলিঙ্ক নামলে প্রতিযোগিতা যে তুঙ্গে উঠবে তা নিশ্চিত। যদিও খরচ বা বুকিং সংক্রান্ত তথ্য এখনও গোপন রাখা হয়েছে।





