পশ্চিম মেদিনীপুরে সন্ত্রাসমুক্ত ও অবাধ ভোট নিশ্চিত করতে এবার সরাসরি রণক্ষেত্রে নামলেন জেলাশাসক (DM) বিজিন কৃষ্ণ এবং পুলিশ সুপার (SP) পাপিয়া সুলতানা। মঙ্গলবার কেশপুরের স্পর্শকাতর এলাকাগুলোতে ভারী সাঁজোয়া গাড়ি ও সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশাল রুটমার্চ করেন এই দুই শীর্ষ আধিকারিক। তাঁদের এই উপস্থিতি সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস জোগাতে এবং দুষ্কৃতীদের কড়া বার্তা দিতেই বলে মনে করা হচ্ছে।
এলাকায় অশান্তি রুখতে জারি করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ও কড়া নজরদারি। টহল চলাকালীন জেলাশাসক ও পুলিশ সুপার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দেন। এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে পুলিশ সুপার জানিয়েছেন, এলাকায় কোনো ভয়ভীতি বা সমস্যার সম্মুখীন হলে সাধারণ মানুষ যেন সরাসরি তাঁকে ফোন করেন। পশ্চিম মেদিনীপুরের নির্বাচনী ইতিহাসে প্রসাশনের এমন সক্রিয় অবস্থান আদতে ভোট কারচুপি ও হিংসা রুখতে বড় পদক্ষেপ।





