ক্ষমতার অপব্যবহার করছেন হিমন্ত! খেরার পাশে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল

কংগ্রেস নেতা পবন খেরাকে কেন্দ্র করে ফের সংঘাত তুঙ্গে উঠল আসাম সরকার ও কংগ্রেস শিবিরের মধ্যে। পবন খেরাকে দেওয়া তেলেঙ্গানা হাইকোর্টের ট্রানজিট আগাম জামিনকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল হিমন্ত বিশ্ব শর্মার সরকার। আর এই পদক্ষেপের পরই সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আসামের মুখ্যমন্ত্রীকে ‘দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি’ বলে আক্রমণ করে রাহুল স্পষ্ট জানিয়ে দিলেন, দল পবন খেরার পাশে আছে।

ঘটনার সূত্রপাত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকী শর্মার দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে। ওই মামলায় পবন খেরাকে এক সপ্তাহের জন্য ট্রানজিট আগাম জামিন দিয়েছিল তেলেঙ্গানা হাইকোর্ট। আসাম সরকারের যুক্তি, খেরা কেন হায়দ্রাবাদে আবেদন করলেন? তিনি সরাসরি আসামে এসে জামিনের আবেদন করতে পারতেন। যদিও হাইকোর্ট এই যুক্তি খারিজ করে জানায়, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আদালত যে কাউকে সীমিত সময়ের জন্য সুরক্ষা দিতে পারে।

তেলেঙ্গানা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে আসাম সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানাতেই রাহুল গান্ধী তাঁর এক্স (পুরানো টুইটার) হ্যান্ডেলে লেখেন, “আসামের বর্তমান মুখ্যমন্ত্রী দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। তিনি আইনের হাত থেকে বাঁচতে পারবেন না। রাজনৈতিক প্রতিপক্ষদের হয়রানি করতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার সংবিধান পরিপন্থী।” রাহুল আরও দাবি করেন, যে দুর্নীতির প্রশ্নগুলি উঠছে তার স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। কংগ্রেস নেতা পবন খেরার এই আইনি লড়াই এখন জাতীয় রাজনীতিতে বড় আকার ধারণ করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy