বিশ্বজুড়ে চলমান অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ল ভারতের মুদ্রানীতিতেও। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেছেন, রেপো রেট ৫.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে টানা এই হার একই জায়গায় থমকে আছে।
গভর্নর স্পষ্ট জানিয়েছেন, মধ্য এশিয়ার সংঘাত বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার আশঙ্কায় এখনই সুদের হার কমানোর ঝুঁকি নিতে চাইছে না মানিটারি পলিসি কমিটি (MPC)। বর্তমানে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি রেট ৫ শতাংশ এবং ব্যাঙ্ক রেট ৫.৫ শতাংশে স্থির রাখা হয়েছে। আরবিআই তাদের অবস্থানকে ‘নিউট্রাল’ বা নিরপেক্ষ হিসেবেই বর্ণনা করেছে।
কেন এই সতর্কতা?
গভর্নর মালহোত্রার মতে, ভারতের অর্থনীতি শক্তিশালী গতিতে এগোলেও মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ছে। একদিকে আবহাওয়াজনিত কারণে খাদ্যপণ্যের দাম বাড়ার সম্ভাবনা, অন্যদিকে যুদ্ধের কারণে আমদানিকৃত পণ্যের খরচ বৃদ্ধির ভয়—এই দুইয়ের জাঁতাকলে পড়ে সাধারণ মানুষের ওপর যাতে বাড়তি চাপ না আসে, তার জন্যই ‘অপেক্ষা করো এবং দেখো’ নীতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে আশার কথা এই যে, প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের অভ্যন্তরীণ ভোগ ও বিনিয়োগের হার ইতিবাচক রয়েছে। আরবিআই জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং প্রয়োজন পড়লে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।





