ভরা মঞ্চে রাজপালকে ঋণের খোঁচা দাপুটে সাংবাদিকের! গর্জে উঠে যোগ্য জবাব দিলেন সলমন খান

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঝলমলে মঞ্চে অভিনেতা রাজপাল যাদবকে ব্যক্তিগত ঋণ নিয়ে বিদ্রুপ করার অভিযোগ উঠল। আর এই অপমানের প্রতিবাদে সরাসরি রাজপালের পাশে দাঁড়িয়ে দাপুটে বার্তা দিলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। ‘স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মঞ্চে সাংবাদিক সৌরভ দ্বিবেদীর একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত।

অনুষ্ঠানে রাজপালের পুরনো ঋণখেলাপি মামলার প্রসঙ্গ টেনে সৌরভ বলেন, “ডলারের উত্থান-পতন যাই হোক, যত টাকা ঋণ নিয়েছিলেন, তা তো ফেরাতেই হবে।” এই মন্তব্যে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা সৌরভের মন্তব্যকে ‘অসংবেদনশীল’ বলে তোপ দাগেন। ঠিক এই সময়েই রাজপালের সমর্থনে পোস্ট করেন সলমন খান। তিনি লেখেন, “রাজপাল ভাই, আপনি ৩০ বছর ধরে কাজ করছেন। আপনি কাজ জানেন বলেই আমরা আপনাকে বারবার নিই। ডলারের রেট যাই হোক, আপনি কাজ পাবেন এবং ভবিষ্যতেও পেতে থাকবেন।” সলমন আরও যোগ করেন যে, কিছু কথা ভুলবশত মুখ ফস্কে বেরিয়ে যায়, তাই মন দিয়ে কাজ করে যাওয়াই আসল।

উল্লেখ্য, ২০১০ সালে নিজের ছবি ‘আতা পতা লাপতা’-র জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়ে আইনি জটিলতায় জড়িয়েছিলেন রাজপাল। সুদসহ সেই অঙ্ক ৯ কোটিতে পৌঁছলে তাঁকে জেলেও যেতে হয়েছিল। যদিও রাজপাল নিজে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, সৌরভ বা জাকির খান তাঁর ভাইয়ের মতো এবং বিষয়টিকে বড় না করাই ভালো। তবে বিপদের দিনে সলমনের এই ‘হিউম্যান টাচ’ মন জয় করে নিয়েছে ভক্তদের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy