সরাসরি মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি! আইনি নোটিশ আর এফআইআরের দাবিতে তোলপাড় দিল্লি

ভোটের আবহে বাংলার রাজনীতিতে চরম সংঘাত। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে বিজেপির এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। অভিযোগ, তৃণমূল নেত্রীর উস্কানিমূলক বক্তব্যের কারণে রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে এবং তা ভোটারদের প্রভাবিত করছে।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, কিরেণ রিজিজু এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের স্বাক্ষরিত এই চিঠিতে গত ২৫ ও ২৬ মার্চের ময়নাগুড়ি, নকশালবাড়ি ও পাণ্ডবেশ্বরের সভার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। শুধু মুখ্যমন্ত্রী নন, মহুয়া মৈত্রর সাংবাদিক বৈঠকের মন্তব্যকেও নিশানা করেছে গেরুয়া শিবির। বিজেপির দাবি, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভারতীয় ন্যায় সংহিতা ও জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে এফআইআর দায়ের করতে হবে।

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি দাবি জানিয়েছে, স্পর্শকাতর এলাকায় আরও বেশি কেন্দ্রীয় বাহিনী ও আইএএস-আইপিএস পর্যবেক্ষক নিয়োগ করা হোক। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বাংলার ২৯৪টি আসনে ভোট গ্রহণ। ভোট যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এখন দেখার, বিজেপির এই নালিশের ভিত্তিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কমিশন কোনো কড়া পদক্ষেপ নেয় কি না।