রাতের বেলা হঠাৎ কাসিতে দম আটকে আসে? ঘরোয়া উপায়েই মিলবে মুক্তি!

দিনের বেলা শরীর কিছুটা স্বাভাবিক থাকলেও রাত নামলেই অনেকের শুরু হয় শুষ্ক বা কফযুক্ত কাশি। এই সমস্যায় রাতের পর রাত ঘুমহীন কাটাতে বাধ্য হন অনেকে। কিন্তু কেন রাতে শোওয়ার পর কাশির বেগ হঠাৎ বহু গুণে বেড়ে যায়? এর পেছনে রয়েছে বেশ কিছু শারীরিক ও পরিবেশগত কারণ। চিকিৎসকদের মতে, আমাদের শরীরের পজিশন বা শোওয়ার ভঙ্গি এবং রাতের বায়ুমণ্ডলের পরিবর্তনের ফলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রাতে যখন মানুষ চিত হয়ে বা সোজা হয়ে শুয়ে পড়েন, তখন শরীরের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা ওপরের শ্বাসতন্ত্রে মিউকাস বা কফ জমতে শুরু করে। মহাকর্ষ বলের প্রভাবে এই কফ গলায় এসে আটকে যায়, যার ফলে ফুসফুস ও শ্বাসনালীতে অস্বস্তি সৃষ্টি হয় এবং কাশির উদ্রেক ঘটে। এছাড়া, রাতের বেলা ঘরের তাপমাত্রা কমে যাওয়া, এসি বা ফ্যানের ঠান্ডা হাওয়া, বিছানার চাদর বা বালিশে জমে থাকা ধূলিকণা এবং ঘরের মাইটসের কারণে অ্যালার্জি মারাত্মক আকার ধারণ করতে পারে। অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের রোগীদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি প্রকট হয়। পাশাপাশি, অ্যাসিড রিফ্লাক্স বা বুকজ্বালার সমস্যা থাকলে শুয়ে পড়ার পর পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালী দিয়ে ওপরে উঠে আসে, যা তীব্র কাশির কারণ হয়ে দাঁড়ায়।

তাহলে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তির উপায় কী? চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, শোওয়ার সময় মাথার দিকটা একটু উঁচু করে বালিশ ব্যবহার করলে মিউকাস জমতে পারে না। শোওয়ার ঘরের হাওয়া চলাচল স্বাভাবিক রাখা এবং নিয়মিত বিছানাপত্র পরিষ্কার করা জরুরি। শোওয়ার আগে হালকা গরম জল পান করা, আদা বা মধু খাওয়া গলায় আরাম দেয় এবং কাশির বেগ কমাতে সাহায্য করে। যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।