রান্নার গ্যাস নিয়ে দুশ্চিন্তা শেষ! আপৎকালীন ভিত্তিতে দেশজুড়ে কেরোসিন বণ্টনের সিদ্ধান্ত

ইরান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে হাহাকার। এই অস্থির সময়ে দেশের সাধারণ মানুষের হেঁশেল সচল রাখতে বড়সড় পদক্ষেপ করল মোদি সরকার। রবিবার, ২৯ মার্চ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, আপৎকালীন ভিত্তিতে দেশজুড়ে ফের কেরোসিন বণ্টন করা হবে। বিশেষত যে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কেরোসিন সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, সেখানেও আগামী ৬০ দিন বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি পাওয়া যাবে।

পেট্রোলিয়াম আইনের বিশেষ ধারা প্রয়োগ করে কেন্দ্র জানিয়েছে, প্রতিটি জেলায় সর্বোচ্চ দুটি পেট্রোল পাম্প থেকে কেরোসিন বিক্রি করা যাবে। প্রতিটি পাম্পে সর্বোচ্চ ৫,০০০ লিটার পর্যন্ত কেরোসিন মজুত রাখার অনুমতি দেওয়া হয়েছে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট ও গোয়ার মতো রাজ্যগুলোতে, যেখানে গত কয়েক বছরে কেরোসিন বন্ধ ছিল, সেখানেও ফের এই জ্বালানি ফিরছে। এমনকি লাদাখ ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও এই সুবিধা মিলবে।

মূলত যুদ্ধের জেরে যদি রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হয় বা জোগানে টান পড়ে, তবে সাধারণ মানুষ যাতে বিকল্প হিসেবে কেরোসিন ব্যবহার করতে পারেন, সেই উদ্দেশ্যেই এই আগাম পরিকল্পনা। তবে নিরাপত্তার প্রশ্নে কেন্দ্র কড়া অবস্থান নিয়েছে; জেলা প্রশাসন যেকোনো সময় পাম্পে তল্লাশি চালাতে পারবে। আগামী দুই মাস কেরোসিনই হতে চলেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের অন্যতম ‘লাইফলাইন’।