ভারতীয় রেলের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ১ মার্চ থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে আনরিজার্ভড টিকিটিং সিস্টেম বা UTS অ্যাপ। এর পরিবর্তে রেলের তরফে নিয়ে আসা হয়েছে নতুন এবং আরও আধুনিক অ্যাপ ‘RailOne’। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবং সমস্ত রেল পরিষেবা এক ছাতার তলায় আনতেই এই সিদ্ধান্ত।
এখন থেকে সাধারণ বা লোকাল ট্রেনের টিকিট কাটতে গেলে যাত্রীদের আর পুরোনো UTS অ্যাপ ব্যবহার করতে হবে না। নতুন RailOne অ্যাপে কেবল আনরিজার্ভড টিকিটই নয়, তার সাথে ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখা, পিএনআর (PNR) চেক করা এবং রিজার্ভেশন টিকিট সংক্রান্ত তথ্যও মিলবে। রেলের দাবি, পুরোনো অ্যাপের তুলনায় এই নতুন অ্যাপ অনেক বেশি দ্রুত এবং ‘ইউজার ফ্রেন্ডলি’। ১ মার্চ থেকে দেশের সমস্ত রেলওয়ে জোনে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে প্লে-স্টোর বা অ্যাপ-স্টোর থেকে দ্রুত RailOne অ্যাপটি ডাউনলোড করে নিতে, যাতে যাত্রাপথে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।