নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে রাজনৈতিক পারদ সপ্তমে চড়ালেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বিহারের প্রাক্তন মন্ত্রী নিতিন নবীন। আজ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র এক জনসভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে তিনি দাবি করেন, ভোটার তালিকা থেকে আরও প্রায় ৫০ লক্ষ ভুঁয়ো ভোটারের নাম বাদ পড়তে চলেছে। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এদিন সভামঞ্চে দাঁড়িয়ে নিতিন নবীন সরাসরি ‘তুষ্টিকরণের রাজনীতি’র অভিযোগ তোলেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, “দেশের নিরাপত্তার প্রয়োজনে যখন সেনার জন্য বা পরিকাঠামো উন্নয়নের জন্য জমি চাওয়া হয়, তখন রাজ্য সরকার জমি নেই বলে হাত ধুয়ে ফেলে। কিন্তু ভোটব্যাঙ্ক ধরে রাখতে এবং নির্দিষ্ট একটি গোষ্ঠীকে তুষ্ট করতে জমি বিলি করতে তাঁদের বিন্দুমাত্র দ্বিধা হয় না।” নবীনের অভিযোগ, রাজ্য সরকারের এই নীতির কারণে জাতীয় সুরক্ষা বিঘ্নিত হচ্ছে।
ভোটার তালিকা প্রসঙ্গে তিনি আরও বলেন যে, ইতিমধেই বহু অবৈধ ভোটারের নাম চিহ্নিত করা হয়েছে এবং আগামী দিনে আরও ৫০ লক্ষ নাম বাদ যাবে। তাঁর দাবি, স্বচ্ছ নির্বাচন করার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি হার নিশ্চিত জেনেই ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে এবং জনসমর্থন না পেয়ে উস্কানিমূলক মন্তব্য করছে। নবীনের এই সফরের পর রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।