চলতি সপ্তাহের শুরুতে দিল্লির রাইসিনা হিলসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা এবং ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা। সেই সাক্ষাতের রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি এই দুই তারকার মা-বাবার উদ্দেশ্যে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী। বিজয় নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সেই আলাপচারিতা কেবল মাত্র সৌজন্যমূলক ছিল না, বরং তাতে মিশে ছিল এক গভীর আন্তরিকতা ও আশীর্বাদ।
বিজয় দেবরাকোন্ডার শেয়ার করা তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী তাঁর চিঠিতে রশ্মিকা ও বিজয়ের মা-বাবার প্রশংসা করেছেন এবং তাঁদের সন্তানদের কঠোর পরিশ্রম ও সাফল্যের কথা উল্লেখ করেছেন। মোদী লিখেছেন, এই দুই তরুণ প্রতিভা ভারতের চলচ্চিত্র জগতকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করছে। বিজয়ের কথায়, “প্রধানমন্ত্রী আমাদের কেবল আশীর্বাদই করেননি, বরং আমাদের পরিবারের প্রতিও সম্মান প্রদর্শন করেছেন।” বিজয়ের মা-বাবা প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত চিঠিতে আপ্লুত। বিনোদন জগতের দুই জনপ্রিয় তারকার প্রতি প্রধানমন্ত্রীর এই অভিভাবকসুলভ আচরণ বর্তমানে নেটপাড়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।