অবশেষে অপেক্ষার অবসান। আজ রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ-সি পদের নিয়োগ পরীক্ষা। কিন্তু পরীক্ষার শুরুতেই দানা বেঁধেছে বিতর্ক। একদিকে যখন স্বচ্ছতা বজায় রাখতে মরিয়া কমিশন, অন্যদিকে সেন্টারে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ রুখতে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ; সেখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি কোনোভাবেই কাম্য নয়।
নিরাপত্তার স্বার্থে পরীক্ষার্থীদের জন্য জারি করা হয়েছে একগুচ্ছ কড়া বিধিনিষেধ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা কোনো ধরণের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি কলমও দেওয়া হবে কমিশনের পক্ষ থেকে। পরীক্ষার্থীদের অন্তত এক ঘণ্টা আগে সেন্টারে পৌঁছাতে বলা হয়েছে। পরিচয়পত্র যাচাইয়ের ক্ষেত্রেও কোনো শিথিলতা দেখানো হবে না। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারি এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। ওএমআর শিট ম্যানিপুলেশন রুখতে এবার বিশেষ বারকোড সিস্টেম ব্যবহার করছে কমিশন। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে এই পরীক্ষা স্বচ্ছভাবে সম্পন্ন করাই এখন বড় চ্যালেঞ্জ।