স্মার্টফোন বা ইন্টারনেটের থেকেও বড় বিপ্লব আনতে চলেছে কৃত্রিম মেধা (AI)। প্রখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট বিনোদ খোসলার সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে উত্তাল কর্পোরেট জগত। খোসলার দাবি, আগামী ৫ বছরের মধ্যে আইটি (IT) এবং বিপিও (BPO) পরিষেবা খাত প্রায় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ২০৩৫ সালের মধ্যে অধিকাংশ দক্ষতাভিত্তিক কাজ এবং কায়িক শ্রমের জায়গায় জায়গা করে নেবে এআই ও রোবট।
খোসলার মতে, অ্যাকাউন্টিং, চিকিৎসা, এমনকি চিপ ডিজাইনের মতো জটিল কাজগুলো মানুষের চেয়েও নিঁখুতভাবে করবে এআই। তবে একে শুধু হুমকি হিসেবে দেখতে নারাজ তিনি। তাঁর মতে, সঠিক নীতি গ্রহণ করলে এআই-এর মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা প্রায় বিনামূল্যে মানুষের কাছে পৌঁছানো সম্ভব। ভারতের উদ্দেশ্যে তাঁর বার্তা— পুরনো মডেলে চাকরি না খুঁজে তরুণ প্রজন্মকে এআই-ভিত্তিক পণ্য রফতানিতে দক্ষ হতে হবে। পাশাপাশি, আমেরিকার কঠোর অভিবাসন নীতির সমালোচনা করে তিনি জানান, এটি উদ্ভাবনী শক্তিকে ক্ষতিগ্রস্ত করবে।